আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

৪কে ১৪৪ হার্টজ ডিসপ্লে ও ১১,০০০ এমএএইচ ব্যাটারি সমৃদ্ধ লেনোভো ইয়োগা ট্যাব জেন ২

ক.বি.ডেস্ক: আইএফএ ২০২৬-এ উন্মোচনের পর এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি বাজারে বিক্রি শুরু হয়েছে লেনোভোর নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট ইয়োগা ট্যাব জেন ২। বড় ও হাই রেজ্যুলেশনের ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬৫০০এস চিপসেট এবং ১১,০০০ এমএএইচ ব্যাটারির সমন্বয়ে তৈরি করা হয়েছে ডিভাইসটি।

ইয়োগা ট্যাব জেন ২-এর অন্যতম আকর্ষণ এর ১১.১ ইঞ্চির এলটিপিএস ডিসপ্লে। এতে রয়েছে ৩,৮৪০× ২,৫৬০ পিক্সেল রেজ্যুলেশন, ৩:২ অ্যাসপেক্ট রেশিও এবং সর্বোচ্চ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস সর্বোচ্চ ১,১০০ নিট। প্যানেলটি ৯৮ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামাট কভার করে। পাশাপাশি রয়েছে ডলবি ভিশন সমর্থন এবং প্রতি ইঞ্চিতে ৪১৫ পিক্সেল ঘনত্ব। ফলে ভিডিও দেখা, ছবি সম্পাদনা কিংবা সৃজনশীল কাজের ক্ষেত্রে ডিসপ্লেটি উচ্চমানের ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যেই তৈরি।

পারফরম্যান্সের জন্য ট্যাবলেটটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৫০০এস প্রসেসর। এর সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। লেনোভো তিনটি কনফিগারেশন বাজারে এনেছে ৮ জিবি/১২৮ জিবি, ৮ জিবি/২৫৬ জিবি এবং ১২ জিবি/২৫৬ জিবি। স্টোরেজ বাড়ানোর জন্য রয়েছে মাইক্রোএসডি কার্ড স্লট, যেখানে সর্বোচ্চ ২ টেরাবাইট পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করা যাবে।

ইয়োগা ট্যাব জেন ২-তে ১১,০০০ এমএএইচ ব্যাটারি। দ্রুত চার্জিংয়ের জন্য এতে ৬৮ ওয়াট চার্জিং প্রযুক্তি দেয়া হয়েছে। হাই রেজ্যুলেশনের ১৪৪ হার্টজ ডিসপ্লে থাকায় বড় ব্যাটারি ব্যবহারের বিষয়টি ট্যাবলেটটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি। অডিওর জন্য রয়েছে চারটি স্পিকার। ছবি তোলার জন্য পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। সামনের ক্যামেরার সঙ্গে রয়েছে ০.৩ মেগাপিক্সেলের একটি সহায়ক সেন্সর।

কানেক্টিভিটির ক্ষেত্রে ওয়াই-ফাই ৭ ও ব্লুটুথ ৬.০ সমর্থন রয়েছে। ইউএসবি-সি পোর্টের মাধ্যমে চার্জিংয়ের পাশাপাশি ডিসপ্লে পোর্ট আউটপুটও ব্যবহার করা যাবে। উৎপাদনশীলতা ও সৃজনশীল কাজের জন্য এতে ট্যাব পেন প্রো ২ স্টাইলাসের সমর্থন রয়েছে। স্টাইলাসটিতে ৮,১৯২ স্তরের প্রেসার সেনসিটিভিটি থাকায় লেখালেখি, নোট নেয়া ও আঁকার ক্ষেত্রে সূক্ষ্ম নিয়ন্ত্রণ পাওয়া যাবে। চাইলে ঐচ্ছিক ২-ইন-১ কিবোর্ডও ব্যবহার করা যাবে।

লেনোভো ট্যাবলেটটিতে বেশ কিছু এআই ভিত্তিক সফটওয়্যার ফিচার যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে এআই নোট, লাইভ ট্রান্সক্রিপ্ট, স্মার্ট এআই ইনপুট এবং এআই তৈরির টুলস। ট্যাবটিতে প্রি-ইনস্টল করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৭। ডিভাইসটি ভবিষ্যতে সাতটি ওএস আপগ্রেড পাবে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ২৪ পর্যন্ত সফটওয়্যার আপডেট দেয়ার প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি ২০৩৩ সাল পর্যন্ত সাত বছর নিরাপত্তা আপডেট দেয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ট্যাবলেটটির মাপ ২৫০.৬×১৭২.৯৮×৬.২ মিলিমিটার। ক্যামেরা বাম্পসহ সর্বোচ্চ পুরুত্ব ৮.৫৬ মিলিমিটার। ওজন প্রায় ৪৮০ গ্রাম। বাজারভেদে কসমিক ব্লু ও সিশেল এই দুই রঙে পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের বাজারে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সংস্করণটির মূল্য ৭২৯.৯৯ ডলার। যুক্তরাজ্যে একই কনফিগারেশনের মূল্য ৫৫৯ পাউন্ড। ইউরোপের ইতালি ও স্পেনে ডিভাইসটির মূল্য ৬৪৯ ইউরো। জার্মানি ও নেদারল্যান্ডসের লেনোভো স্টোরেও প্রায় একই মূল্যে এটি তালিকাভুক্ত হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *