২০২৬ সালের শেষেই নতুন রঙে এম৬ আইম্যাক আনছে অ্যাপল
ক.বি.ডেস্ক: চলতি বছরের শেষ নাগাদ নতুন প্রজন্মের ২৪ ইঞ্চি আইম্যাক উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। নতুন এই কমপিউটারে ব্যবহার করা হবে প্রতিষ্ঠানের পরবর্তী প্রজন্মের এম৬ প্রসেসর। পাশাপাশি আইম্যাকের জন্য নতুন রঙের বিকল্পও যুক্ত হতে পারে। নতুন এম৬ চিপ দুই ন্যানোমিটার উৎপাদনপ্রযুক্তিতে তৈরি হতে পারে। এর ফলে আগের প্রজন্মের তুলনায় কর্মক্ষমতা ও বিদ্যুৎ ব্যবহারের দক্ষতায় উল্লেখযোগ্য উন্নতি দেখা যেতে পারে।
প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের তথ্য অনুযায়ী, নতুন এম৬ আইম্যাক বর্তমান এম৪ সংস্করণের জায়গা নেবে। এর মাধ্যমে অ্যাপল ভোক্তাপর্যায়ের এই ডেস্কটপ কমপিউটারে এম৫ প্রজন্ম এড়িয়ে সরাসরি এম৬ প্রসেসরে যেতে পারে।
বর্তমান আইম্যাক সবুজ, হলুদ, কমলা, গোলাপি, বেগুনি, নীল ও রুপালি মোট সাতটি রঙে পাওয়া যায়। নতুন সংস্করণে সম্পূর্ণ নতুন রঙ যুক্ত হবে নাকি বর্তমান রঙগুলোর পরিবর্তিত সংস্করণ রাখা হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
প্রসেসর ও রঙের পরিবর্তন ছাড়া নতুন আইম্যাকের নকশায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম। ২৪ ইঞ্চির পর্দা এবং বর্তমান প্রজন্মের সামগ্রিক নকশাই বজায় রাখা হতে পারে। ভবিষ্যতে উন্নত ওএলইডি পর্দা সহ আইম্যাক আনার পরিকল্পনা থাকলেও সেটি বাজারে আসতে আরও কয়েক বছর সময় লাগতে পারে।
নতুন এম৬ আইম্যাক অ্যাপলের চলতি বছরের শেষ ভাগের পণ্য উন্মোচন কার্যক্রমের অংশ হতে পারে। শক্তিশালী নতুন প্রসেসর ও রঙের বৈচিত্র্যের মাধ্যমে আইম্যাক ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা আনতে পারে এই ডেস্কটপ কমপিউটার।





