মোবাইল স্মার্টফোন

১৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ বাজারে হেলিও ১৫০

ক.বি.ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে নতুন মডেল হেলিও ১৫০ নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড হেলিও। নতুন এই স্মার্টফোনটি ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা এবং মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর সমৃদ্ধ। এতে রয়েছে ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম।

হেলিও ১৫০-এর অন্যতম আকর্ষণ ৬.৮৩ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। ১২৬০×২৮০০ পিক্সেল রেজ্যুলেশনের এই ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার ডেপথ এবং সর্বোচ্চ ৫০০০ নিটস পিক ব্রাইটনেস। ৯৪ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিওর ডিসপ্লেটি ভিডিও দেখা, গেমিং ও দৈনন্দিন ব্যবহারে প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেবে। চোখের স্বাচ্ছন্দ্যের জন্য এতে রয়েছে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি ও উন্নত ডিমিং সুবিধা।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে দেয়া হয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার সিলিকন অ্যানোড ব্যাটারি, যাতে রয়েছে ১০ শতাংশ সিলিকন কনটেন্ট। ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ৪৪ ওয়াট চার্জার ব্যবহার করে ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ১ ঘণ্টা ৪২ মিনিট সময় লাগে।

ফটোগ্রাফির জন্য রয়েছে ৬৪ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, যার সঙ্গে যুক্ত হয়েছে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি। পাশাপাশি রয়েছে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। ভিডিও ধারণের ক্ষেত্রে ২কে রেজ্যুলেশন, মোশন ফটো, ডুয়াল ভিউ ভিডিও রেকর্ডিং এবং স্পোর্টস মোডের মতো সুবিধা রয়েছে।

পারফরম্যান্সের জন্য স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর। এর সঙ্গে রয়েছে ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ভার্চুয়াল র‍্যামের মাধ্যমে অতিরিক্ত ৮ জিবি যুক্ত করে সর্বোচ্চ ১৬ জিবি এক্সপ্যান্ডেড র‍্যাম সুবিধা পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে সর্বোচ্চ ৫১২ জিবি পর্যন্ত।

স্থায়িত্বের জন্য ফোনটিতে রয়েছে আইপি৬৪ রেটিং, যা ধুলাবালি ও পানির ছিটা থেকে সুরক্ষা দিতে সহায়তা করে। ডিসপ্লের সুরক্ষায় ব্যবহার করা হয়েছে শট জেনসেশন কভার গ্লাস ও ব্র্যান্ডটির নিজস্ব আয়রন গার্ড প্রযুক্তি। নিরাপদ আনলকিংয়ের জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা। এ ছাড়া রয়েছে এনএফসি, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল এবং ডুয়াল স্পিকার। রয়েছে সর্বোচ্চ ১৫০ মিটার দূরত্বে অফলাইন ভয়েস চ্যাট।

অপারেটিং সিস্টেম হিসেবে হেলিও ১৫০-এ রয়েছে অ্যান্ড্রয়েড ১৬। ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ১৭ পাওয়ার সুবিধাও থাকবে। ফোনটিতে আরও রয়েছে সাইড অ্যাপ্লিকেশন বার, ডায়নামিক উইন্ডো, স্মার্ট স্ক্রিনশট, চিলড্রেন স্পেস এবং বিভিন্ন স্মার্ট অপ্টিমাইজেশন সুবিধা। ফোনটি মাত্র ৭.৯৭ মিলিমিটার পুরুত্ব ও ২০৭ গ্রাম ওজনের।

হেলিও ১৫০ ফোনটি পাওয়া যাবে ক্ল্যাসিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ এবং মিন্ট গ্রিন এই তিনটি রঙে। এর মূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনটির সঙ্গে ক্রেতারা পাচ্ছেন ১৫ মাসের ওয়ারেন্টি এবং গ্রামীণফোনের বান্ডেল অফার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *