সম্ভাবনাময় ৯০ জন নবীন খেলোয়াড়কে ক্রিকেট কিট দিলো রবি
ক.বি.ডেস্ক: সম্ভাবনাময় নবীন ক্রিকেটারদের একটি করে ক্রিকেট কিট উপহার দিয়েছে রবি আজিয়াটা। দেশের ৫০টিরও বেশি ক্রিকেট একাডেমির ৯০ জন ‘ইয়াং টাইগার’-এর হাতে এই উপহার তুলে দেয়া হয়। ‘এবার নতুন স্বপ্ন গড়তে পারবে তুমিও’ স্লোগানে এই উদ্যোগ তরুণ ক্রিকেটারদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে সম্ভাবনাময় এই খেলোয়াড়দের মাঝে ক্রিকেট কিট বিতরণ করা হয়। জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, ঘরোয়া ক্রিকেটার শাফাক আল জাবির ও বর্তমান জাতীয় দলের নিয়মিত সদস্য তাইজুল ইসলাম তাদের হাতে কিট ব্যাগ তুলে দেন। এ সময় বিসিবি ও রবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত মার্চ মাসে বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজের সময় ‘প্রতি ১০০ রানে ১০টি ক্রিকেট কিট’ প্রদানের ঘোষণা দেয় রবি। সিরিজ চলাকালে ব্যতিক্রমী এই উদ্যোগটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে প্রতি ১০০ রান পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এ সম্পর্কিত বার্তাটি প্রদর্শন করা হয়।
সিরিজ জুড়ে দুই দলের রান সংখ্যার ভিত্তিতে মোট ৯০টি ক্রিকেট কিট বিতরণের জন্য নির্ধারণ করা হয়। যোগ্য ও সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের নির্বাচন করতে সহযোগিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।





