সাম্প্রতিক সংবাদ

রূপপুরে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর, ভিয়েনায় রোসাটমের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর বৈঠক

ক.বি.ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ-এর মধ্যে একটি গুরুত্বপূর্ন দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​উচ্চপর্যায়ের এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্বিপাক্ষিক এ বৈঠকে দ্রুত বিদ্যুৎ উৎপাদন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ত্বরান্বিত করে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আন্তর্জাতিক পারমাণবিক মানদণ্ড ও সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ওপর গুরুত্ব আরোপ করেন। রোসাটম ডিজি প্রকল্পের প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা নিরবচ্ছিন্ন রাখার আশ্বাস দেন।

বৈঠক শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। উভয় দেশের প্রতিনিধি দলের সদস্যগণ এ দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দ্রুত সফল বাস্তবায়নের দিকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *