সাম্প্রতিক সংবাদ

রাষ্ট্র গঠনে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকাশক্তি: মন্ত্রী ফকির মাহবুব আনাম

ক.বি.ডেস্ক: কল ড্রপ, প্যাকেজের মেয়াদ শেষ হওয়া, ডেটা ও ব্যালান্স সংক্রান্ত বিষয় নিয়ে গ্রাহকদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে মোবাইল অপারেটরদের আরও কার্যকর জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে বিনিয়োগ অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও উৎসাহিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। টেলিকম খাতে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণের প্রত্যাশা করছি।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে ‘ঢাকা নেটওয়ার্ক আধুনিকায়ন’ বিষয়ক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি) রেহান আসিফ আসাদ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, রবির ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা এবং চিফ টেকনোলজি অফিসার পেরিহান এলহামে আহমেদ মেতাওয়েহ।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘‘শহর থেকে গ্রাম প্রতিটি মানুষের কাছে উন্নত, নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা পৌঁছে দিতে হবে। শুধু বড় শহরকেন্দ্রিক নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রাম পর্যায়েও উন্নত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে হবে। টাওয়ার শেয়ারিংয়ের সুযোগ কাজে লাগিয়ে গ্রামাঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নে মোবাইল অপারেটরদের আরও উদ্যোগী হতে হবে। সরকার সম্প্রতি সিম ট্যাক্স প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ জনবান্ধব উদ্যোগ নিয়েছে। সরকারের এসব উদ্যোগের সুফল যেন সরাসরি সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে সারাদেশের গ্রাহকরাও একই ধরনের উন্নত সেবা পাবেন।’’

উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘‘সরকার বা নিয়ন্ত্রক সংস্থা একা সবকিছু করতে পারে না; শিল্পখাতের সবাইকে একটি টিম হিসেবে কাজ করতে হবে। গত ছয় মাসে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করা হয়েছে। মোবাইল ফোনের কাঁচামাল আমদানিতে শুল্ক-কর কমিয়ে সাশ্রয়ী স্মার্টফোন সহজলভ্য করার উদ্যোগ নেয়া হয়েছে। দেশের প্রায় অর্ধেক মোবাইল ব্যবহারকারী এখনও ফিচার ফোন ব্যবহার করেন, তাদের স্মার্টফোন ও ডেটা ব্যবহারের আওতায় আনার ব্যবস্থা করতে হবে। উন্নত নেটওয়ার্ক, সাশ্রয়ী স্মার্টফোন ও এআই টুল ব্যবহারের সুযোগ একসঙ্গে নিশ্চিত করা গেলে তরুণ প্রজন্ম বিশ্ব প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে।’’

রবির তথ্যমতে, বৃহত্তর ঢাকার গাজীপুর, সাভার, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ৪ হাজার ৮০০টির বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। এর ফলে বিভিন্ন ক্লাস্টারে গ্রাহক অভিজ্ঞতা সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে, কল ড্রপ ২০ শতাংশ কমেছে এবং বৃহত্তর ঢাকা ও গাজীপুরে ইনডোর কভারেজ ও সংযোগ আগের তুলনায় তিন গুণ উন্নত হয়েছে। নতুন বিদ্যুৎ সাশ্রয়ী নেটওয়ার্কের কারণে প্রতি জিবি ডেটা ব্যবহারে বিদ্যুৎ খরচও ২০ শতাংশ কমেছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *