ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬ শেষ, বিশ্বকাপে বাংলাদেশ
ক.বি.ডেস্ক: বিশ্বের অন্যতম শীর্ষ অনলাইন গেম ডেভলপার ও পাবলিশার ‘গ্যারেনা’ দেশে ফ্রি ফায়ারের অন্যতম বড় ন্যাশনাল টুর্নামেন্ট ‘‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬’’ এর সমাপ্তি হলো। গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে দল ‘স্ট্র হ্যাটস’ এবং রানার্স-আপ হয়েছে ‘টাইটান ইস্পোর্টস ক্লাব’।
বিজয়ী দুটি দল আসন্ন ২০২৬ ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আগামী ১৫ থেকে ১৮ জুলাই ফ্রান্সের প্যারিসে এই ওয়ার্ল্ড টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্বের অন্যতম বড় এই গেমিং মঞ্চে ১০ লাখ মার্কিন ডলার প্রাইজপুলের জন্য শীর্ষ আন্তর্জাতিক দলগুলোর মুখোমুখি হবে বাংলাদেশের এই তরুণরা।
কয়েক সপ্তাহের প্রতিযোগিতা শেষে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে ১ লাখেরও বেশি দল এতে অংশ নেয়। ফাইনালে দেশের শীর্ষ ১২টি দল চ্যাম্পিয়ন ট্রফির জন্য লড়াই করে। এলিমিনেশন ও ম্যাচ প্লেসমেন্ট থেকে পাওয়া মোট পয়েন্টের ওপর ভিত্তি করে এই র্যাংকিং নির্ধারণ করা হয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ‘স্ট্র হ্যাটস’ পুরস্কার হিসেবে পেয়েছে ২০ লাখ টাকা। রানার্স-আপ দল ‘টাইটান ইস্পোর্টস ক্লাব’ পুরস্কার হিসেবে পেয়েছে ১২ লাখ টাকা।

বাংলাদেশের ইস্পোর্টস খাতকে ত্বরান্বিত করছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের এমন আয়োজন। ফাইনালের টুর্নামেন্টটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নতুন এবং প্রফেশনাল খেলোয়াড় অংশ নিয়েছিলেন, যা দেশের গেমিং কমিউনিটির আগ্রহকে তুলে ধরে। স্থানীয় পর্যায় থেকে আন্তর্জাতিক মঞ্চে দেশের গেইমারদের পৌঁছানোর জন্য এমন প্রতিযোগিতা একটি মাধ্যম হয়ে ওঠেছে।





