প্রশিক্ষকদের জন্য ‘আইপিভি৬ ডিপ্লয়মেন্ট’ কর্মশালা শুরু
ক.বি.ডেস্ক: দেশে আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী ব্রডব্যান্ড ইন্টারনেট অবকাঠামো গড়ে তুলতে প্রশিক্ষকদের জন্য তিন দিনব্যাপী (১২-১৪ মে) ‘আইপিভি৬ ডিপ্লয়মেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক)-এর যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
দেশে প্রথমবারের মতো প্রশিক্ষকদের জন্য আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ২০ জন নেটওয়ার্ক প্রকৌশলী প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করছেন। এই কর্মশালার মাধ্যমে প্রশিক্ষকদের এমনভাবে প্রস্তুত করা হবে, যাতে তারা দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতে পারেন।
আজ মঙ্গলবার (১২ মে) আইএসপিএবি-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ‘আইপিভি৬ ডিপ্লয়মেন্ট’ প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া। কর্মশালায় প্রশিক্ষক হলেন আন্তর্জাতিক প্রশিক্ষণ বিশেষজ্ঞ মো. আব্দুল আউয়াল হাওলাদার এবং রাফিউল বিন মনির।
নাজমুল করিম ভূঁইয়া বলেন, দেশে ইন্টারনেট ব্যবহার দ্রুত বাড়ার কারণে বর্তমানে আইপিভি৪-এর সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠছে। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করতে আইপিভি৬ প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। দেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী ও টেকসই করতে দক্ষ প্রশিক্ষক তৈরির বিকল্প নেই। নতুন প্রযুক্তির মাধ্যমে স্বল্পমূল্যে নিরাপদ ইন্টারনেট সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে আইএসপি প্রতিষ্ঠানগুলোও এর সুফল পাবে।
আয়োজকরা জানান, কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হবে ১৪ মে। পাশাপাশি দেশে আইপিভি৬ প্রযুক্তির বিস্তার এবং নিরাপদ ও আধুনিক ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।





