নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে: মন্ত্রী ফকির মাহবুব আনাম
ক.বি.ডেস্ক: বর্তমান সময়ে মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়া অতিরিক্ত ব্যবহারের কারণে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর ও অনুপযুক্ত কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ বিষয়ে সরকার সোশ্যাল মিডিয়ার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে। এআই ব্যবহার করে ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট তৈরির প্রবণতাও উদ্বেগজনক। এসব অপব্যবহার প্রতিরোধে আইসিটি বিভাগ কাজ করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ছায়ানীড় আয়োজিত ‘শত বছরের সফল ব্যক্তি স্মারক সম্মাননা এবং প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।
ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন এবং ছায়ানীড়ের উপদেষ্টা আব্দুল কাশেম চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শায়খানাজে রহমান ও নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, লেখক, সংস্কৃতিকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘‘সমাজ ও দেশের জন্য যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ধর্ম, দল বা পরিচয়ের ঊর্ধ্বে ওঠে তাদের অবদানকে স্বীকৃতি ও সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে। টাঙ্গাইলের অনেক গুণী ব্যক্তি শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাদের কর্ম ও অবদান সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বই প্রকাশ ও গ্রন্থাগারে তা ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া প্রয়োজন। যারা নিজেদের সৃজনশীলতা ও কর্মের মাধ্যমে সমাজে অবদান রাখছেন, তাদের স্বীকৃতি অন্যদেরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।’’
‘শত বছরের সফল ব্যক্তি স্মারক সম্মাননা এবং প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে ৮টি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। শত বছরের সফল ব্যক্তিদের স্মরণে বিভিন্ন প্রকাশনা প্রকাশ এবং গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। সফল ও গুণী ব্যক্তিদের জীবন, কর্ম ও অবদানকে স্মরণীয় করে রাখা এবং ইতিবাচক চিন্তার প্রসারে এ আয়োজন করা হয়েছে।





