ডিআইইউ’-তে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব’ উদ্বোধন
ক.বি.ডেস্ক: আইসিটি খাতে সরকারের গৃহীত উদ্যোগগুলোকে দেশের ডিজিটাল রূপান্তরের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাটিতে (ডিআইইউ) উদ্বোধন করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব’। এই উদ্যোগটি শিক্ষাঙ্গন, শিল্পখাত এবং সরকারের মধ্যে পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করবে এবং এমন একটি পরিবেশ বা ইকোসিস্টেম গড়ে তুলবে যা উদ্ভাবনকে ত্বরান্বিত করার পাশাপাশি দেশের এআই-নির্ভর ভবিষ্যতের পথে অর্থপূর্ণ অবদান রাখবে।
শনিবার (১১ জুলাই) সাভারের বিরুলিয়ায় অবস্থিত ডিআইইউ’-তে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব’ উদ্বোধন এবং ‘এআই প্রজেক্ট কম্পিটিশন-২০২৬’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
ডিআইইউ-এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আর কবীর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সামস ইকবাল এবং কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সারওয়ার হোসেন মোল্লা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ভিত্তিক এআই গবেষণা ল্যাব গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষের কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক এআই প্রযুক্তিতে দক্ষ হয়ে গবেষণা, উদ্ভাবন এবং শিল্প-উপযোগী সমাধান তৈরিতে ভূমিকা রাখতে পারবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও প্রশাসন সহ প্রায় সব ক্ষেত্রেই এআই গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। তাই নতুন বাংলাদেশ গড়তে গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনশক্তি তৈরির বিকল্প নেই।’’

তিনি আরও বলেন, ‘‘সরকারের ধারাবাহিক উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করেছে। ডিআইইউ-এর এআই গবেষণা ল্যাব শিক্ষা, শিল্প ও সরকারের মধ্যে সহযোগিতা বাড়িয়ে একটি উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তুলবে। পাশাপাশি ডিআইইউর শিক্ষার্থীদের উদ্ভাবিত ১৪৫টি এআই প্রকল্পের মধ্যে সম্ভাবনাময় প্রকল্পগুলোকে সরকার ও আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ ফান্ড সহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা দেয়া হবে।’’
ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ‘‘ডিআইইউকে এআই সাপোর্টেড নয়, এআই কেন্দ্রিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজনীয় সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারাই এআই ব্যবহারের মাধ্যমে সকল প্রকার সামাজিক সমস্যার সমাধান সম্ভব। শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পের বাণিজ্যিকী করণের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা থাকবে।’’
ডিআইইউর ‘কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাব’-এ ফ্রন্ট ল্যাব হিসেবে ২৫টি এনভিডিয়া ডিজে স্পার্ক পিসি এবং ৫টি বিশেষায়িত আরটিএক্স ৩০৬০ ও ৪০৯০ জিপিইউ সমৃদ্ধ শক্তিশালী কমপিউটার রয়েছে। বাস্তব জীবনের জটিল সমস্যা সমাধান, এআই এজেন্ট ডেভেলপমেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রোডাক্ট সলিউশন তৈরির জন্য ল্যাবটিতে ৫ জন পূর্ণকালীন দক্ষ গবেষক নিয়োজিত আছেন। ল্যাবটির গবেষক দল ইতিমধ্যে ‘এআই প্রফেসর’, ‘এআই প্রক্টর’ এবং ‘এআই রেজিস্ট্রার’-এর মতো সলিউশন তৈরি করেছেন এবং বর্তমানে তাদের ‘স্মার্ট ক্লাসরুম’ প্রজেক্ট নিয়ে কাজ চলছে।





