গেমিং ল্যাপটপে ৩০০ হার্টজ ওএলইডি পর্দা আনছে স্যামসাং, আসছে নতুন অভিজ্ঞতা
ক.বি.ডেস্ক: গেমিং ল্যাপটপের পর্দা প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটি এমন একটি নতুন ওএলইডি পর্দা প্রদর্শন করেছে, যা প্রতি সেকেন্ডে ৩০০ বার ছবি পরিবর্তন করতে সক্ষম। ফলে দ্রুতগতির গেমে আরও মসৃণ ও প্রাণবন্ত দৃশ্য দেখার সুযোগ তৈরি হবে।
দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্দা প্রযুক্তি প্রদর্শনীতে নতুন এই পর্দা দেখানো হয়। ১৬ ইঞ্চির এই ওএলইডি পর্দায় রয়েছে ২ দশমিক ৫ কে মানের উচ্চ রেজ্যুলেশন এবং ৩০০ হার্টজের অত্যন্ত দ্রুত ছবি পরিবর্তনের সুবিধা। বর্তমানে অধিকাংশ গেমিং ল্যাপটপে এত উচ্চগতির ওএলইডি পর্দা দেখা যায় না।
নতুন এই প্রযুক্তি বিশেষ করে প্রতিযোগিতামূলক গেম এবং ই-স্পোর্টসে অংশ নেয়া খেলোয়াড়দের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। দ্রুতগতির দৃশ্য আরও পরিষ্কার ও মসৃণভাবে দেখা যাওয়ায় খেলোয়াড়দের প্রতিক্রিয়া জানাতেও সুবিধা হতে পারে।
স্যামসাংয়ের নতুন পর্দাটির আরেকটি বিশেষত্ব হলো, এটি নিজস্ব আলো উৎপাদনকারী ল্যাপটপ পর্দাগুলোর মধ্যে প্রথম, যা ৩০০ হার্টজ ছবি পরিবর্তনের গতি অর্জন করেছে। ওএলইডি প্রযুক্তির গভীর কালো রং, উজ্জ্বলতা এবং প্রাণবন্ত রঙের সঙ্গে উচ্চগতির এই সুবিধা যুক্ত হওয়ায় গেমিং অভিজ্ঞতা আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।
একই প্রদর্শনীতে স্যামসাং আরও দুটি উন্নতমানের গেমিং মনিটর পর্দাও প্রদর্শন করেছে। এর মধ্যে একটি ৩১ দশমিক ৫ ইঞ্চির, যাতে রয়েছে ৪ কে রেজ্যুলেশন। অন্যটি ৩৪ ইঞ্চির অতিবিস্তৃত পর্দা, যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ২১:৯। দুটি পর্দাই প্রতি সেকেন্ডে ৩৬০ বার ছবি পরিবর্তন করতে সক্ষম।
তবে গেমিং ল্যাপটপের জন্য তৈরি ১৬ ইঞ্চির ৩০০ হার্টজ ওএলইডি পর্দাটিই প্রযুক্তিপ্রেমীদের সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেছে। কারণ, উচ্চমানের গেমিং ল্যাপটপে ধীরে ধীরে ওএলইডি প্রযুক্তির ব্যবহার বাড়ছে এবং নির্মাতারা এখন আরও বাস্তবসম্মত ও নিমগ্ন গেমিং অভিজ্ঞতা দেওয়ার দিকে গুরুত্ব দিচ্ছেন।
তবে স্যামসাং এখনও জানায়নি, নতুন ১৬ ইঞ্চির ২ দশমিক ৫ কে রেজ্যুলেশনের এই ৩০০ হার্টজ ওএলইডি পর্দার বাণিজ্যিক উৎপাদন কবে শুরু হবে। একই সঙ্গে কোন ল্যাপটপে প্রথম এই প্রযুক্তি ব্যবহার করা হবে, সে বিষয়েও কোনও তথ্য দেয়া হয়নি। আপাতত এটি একটি প্রদর্শনী প্রযুক্তি হিসেবেই সামনে এসেছে। তবে প্রযুক্তিটি বাজারে এলে ভবিষ্যতের গেমিং ল্যাপটপে আরও দ্রুত, মসৃণ এবং উন্নত দৃশ্যমান অভিজ্ঞতার নতুন মানদণ্ড তৈরি করতে পারে।





