সাম্প্রতিক সংবাদ

ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে এস্তোনিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

ক.বি.ডেস্ক: দেশের ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে এস্তোনিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। বিশেষ করে ডিজিটাল পাবলিক অবকাঠামো (ডিপিআই), ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো বাস্তবায়নে দেশটির অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা কাজে লাগাতে আগ্রহী সরকার।

বুধবার (১৮ নভেম্বর) আইসিটি বিভাগের কার্যালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন। এ বৈঠকে দুই দেশের ডিজিটাল রূপান্তর, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা, সরকারি সেবার আন্তঃসংযোগ এবং আইসিটি খাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘‘বিপুল জনগোষ্ঠীর জন্য সমন্বিত ও কার্যকর ডিজিটাল সেবা নিশ্চিত করা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তবে সরকারের রাজনৈতিক অঙ্গীকার, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক। যত দ্রুত সম্ভব এ উদ্যোগ কার্যকর করতে কাজ চলছে। এ ক্ষেত্রে ডিজিটাল প্রশাসন ও নাগরিক পরিচয় ব্যবস্থাপনায় এস্তোনিয়ার দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’’

মন্ত্রী ফকির মাহবুব আনাম আরও বলেন, ‘‘এস্তোনিয়া সফরে বাংলাদেশের কর্মকর্তারা দেশটির ডিজিটাল প্রশাসন, নাগরিক পরিচয় ব্যবস্থাপনা এবং সরকারি সেবার আন্তঃসংযোগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমি এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়নাধীন প্রকল্পটি দেশের ডিজিটাল রূপান্তরের ভিত্তি শক্তিশালী করতে সহায়ক হবে। এ উদ্যোগের সফল বাস্তবায়নে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ সহায়তা অব্যাহত রাখার জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করছি।’’

বৈঠকে রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসন বলেন, ‘‘বাংলাদেশ ও এস্তোনিয়ার মধ্যে চলমান ডিজিটাল সহযোগিতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ডিজিটাল গভর্ন্যান্স ও ই-গভর্ন্যান্স খাতে নিজেদের অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ে এস্তোনিয়া আগ্রহী। এস্তোনিয়ার আইসিটি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাজারে কাজ করার সুযোগ পাবে বলেও আশাবাদ ব্যক্ত করছি। এস্তোনিয়ার ডিজিটাল সেবা ও আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সরকারি নেতৃত্বের পাশাপাশি বেসরকারি খাতও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও সরকারি-বেসরকারি অংশীদারত্ব কার্যকর ভূমিকা রাখতে পারে।’’

সাক্ষাতে আইসিটি সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া বলেন, ‘ওয়ান সিটিজেন ওয়ান আইডি’ এবং জাতীয় আন্তঃপরিচালনযোগ্যতা কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটি গুরুত্বপূর্ণ সহায়তা দিচ্ছে। জাতীয় ডেটা গভর্ন্যান্স আইন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন এবং সাইবার নিরাপত্তা আইন এ উদ্যোগ বাস্তবায়নের প্রয়োজনীয় আইনি ভিত্তি তৈরি করেছে। পাশাপাশি জাতীয় ডেটা গভর্ন্যান্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগও প্রক্রিয়াধীন রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এ কর্তৃপক্ষ গঠিত হলে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়, তথ্য ব্যবস্থাপনা ও উপাত্ত ব্যবহারের কার্যকারিতা আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেন। এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের শতভাগ রাজনৈতিক অঙ্গীকার রয়েছে।

ডিজিটাল সহযোগিতার পাশাপাশি বৈঠকে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। তৈরি পোশাক, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়াজাত পণ্য ও জুতা শিল্পে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে। সাক্ষাতকালে আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *