উদ্যোগ

ইসিএস কমপিউটার সিটিতে ওয়েভসাইনের নিরাপত্তা প্রযুক্তি প্রদর্শনীর সমাপ্তি

ক.বি.ডেস্ক: রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ ইসিএস কমপিউটার সিটিতে ওয়েভসাইন টেকনোলজির আয়োজনে ছয় দিনব্যাপী নিরাপত্তা প্রযুক্তি ও স্মার্ট ভিডিও সার্ভেইলেন্স বিষয়ক ‘রোড শো’ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রযুক্তিপ্রেমী, ডিলার, সিস্টেম ইন্টিগ্রেটর, নিরাপত্তা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, করপোরেট প্রতিনিধি এবং প্রকৌশলীদের অংশগ্রহণে আয়োজনটি নিরাপত্তা প্রযুক্তি খাতে একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী হিসেবে সাড়া ফেলেছে।

সোমবার (৩ আগস্ট) ইসিএস কমপিউটার সিটিতে অনুষ্ঠিত ওয়েভসাইন টেকনোলজির ‘রোড শো’-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)-এর যুগ্ম মহাসচিব মো. আহসানুল ইসলাম নওশাদ, ফেনী আইটি ফোরাম( ঢাকা)-এর সাধারণ সম্পাদক নোমান সিকদার, ওয়েভসাইন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক কাজী আরিফ হাসান, ইসিএস-এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ইমন, ইসিএস-এর সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মজুমদার সোহাগ।

২৯ জুলাই থেকে শুরু হওয়া এই রোড শো চলাকালে দর্শনার্থীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার ও ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এর মধ্যে ফেসবুকে লাইভ ভিডিও প্রতিযোগিতায় সর্বোচ্চ ভিউ পাওয়া অংশগ্রহণকারীকে ডিজেআই ওসমো মোবাইল গিম্বল পুরস্কার দেয়া হয়। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। বিজয়ী হন মো, হৃদয় খান।

এবারের প্রদর্শনীতে দর্শনার্থীরা অত্যাধুনিক সিসিটিভি, স্মার্ট অ্যাকসেস কন্ট্রোল, ফায়ার সেফটি সিস্টেম, এআইভিত্তিক হাসপাতাল নার্স কলিং সিস্টেম, নেটওয়ার্কিং ডিভাইস এবং পেশাদার প্রকৌশলীদের ব্যবহৃত বিভিন্ন টুলস হাতে-কলমে দেখার সুযোগ পান। পাশাপাশি পণ্যের ব্যবহার, ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ ও বাস্তব প্রয়োগ সম্পর্কে বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ ছিল। প্রদর্শনীতে তাইওয়ানের হানদুরে, হাই শার্প, প্রো’সকিট ও হরিং লিহ এবং চীনের মিইয়ি, রুই ও নেট্রোনিক্স-এর সর্বাধুনিক নিরাপত্তা ও নেটওয়ার্কিং প্রযুক্তিপণ্য প্রদর্শিত হয়।

ওয়েভসাইন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক কাজী আরিফ হাসান বলেন, “ছয় দিনের এই রোড শোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাড়া পেয়েছি, তা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এই আয়োজনের মাধ্যমে বিশ্বমানের নিরাপত্তা প্রযুক্তি, স্মার্ট ভিডিও সার্ভেইলেন্স, ফায়ার সেফটি ও নেটওয়ার্কিং সমাধান সম্পর্কে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ দেশের নিরাপত্তা প্রযুক্তি শিল্পের বিকাশ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা শুধু একটি আয়োজনের সমাপ্তি করছি না, বরং বাংলাদেশের নিরাপত্তা প্রযুক্তি খাতকে আরও আধুনিক ও স্মার্ট করার একটি ধারাবাহিক উদ্যোগের নতুন অধ্যায়ের সূচনা করছি।”

সংশ্লিষ্টদের মতে, স্মার্ট নিরাপত্তা, ভিডিও নজরদারি, অগ্নি নিরাপত্তা, প্রবেশ নিয়ন্ত্রণ ও আধুনিক নেটওয়ার্কিং সমাধানকে এক ছাদের নিচে তুলে ধরার মাধ্যমে এ আয়োজন দেশের নিরাপত্তা প্রযুক্তি শিল্পের বিকাশ, প্রযুক্তি সচেতনতা বৃদ্ধি এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *