ইন্টারনেট ছাড়াই গেম স্ট্রিমিং, লেনোভোর নতুন জি৭০০
ক.বি.ডেস্ক: হাতে ধরা গেমিং কনসোলের বাজারে নতুন ডিভাইস নিয়ে এসেছে লেনোভো। প্রতিষ্ঠানের প্রথম অ্যান্ড্রয়েডভিত্তিক গেমিং হ্যান্ডহেল্ডটির নাম লেনোভো ক্লাউড গেমিং হ্যান্ডহেল্ড জি৭০০। ডিভাইসটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো ইন্টারনেট সংযোগ ছাড়াই কমপিউটার থেকে গেম স্ট্রিম করে খেলার সুবিধা।
লেনোভোর নিজস্ব লিজিয়ন স্ট্রিম প্রযুক্তির মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে। এর জন্য একটি বিশেষ সংযোগযন্ত্র ব্যবহার করা হবে, যা পণ্যের সঙ্গে সরবরাহ করা হবে। ফলে কোনও নেটওয়ার্ক সংযোগ ছাড়াই কমপিউটারে থাকা গেম হ্যান্ডহেল্ডটিতে স্ট্রিম করা সম্ভব হবে। তবে বাইরে থাকলে বা দূরবর্তী অবস্থান থেকে গেম খেলার জন্য ক্লাউডের মাধ্যমেও স্ট্রিমিং সুবিধা ব্যবহার করা যাবে।
ডিভাইসটিতে রয়েছে ৭ দশমিক ৮২ ইঞ্চির পূর্ণ উচ্চমানের তরল স্ফটিক পর্দা, যার নবায়ন হার ১২০ হার্টজ। বাজারের কিছু প্রতিদ্বন্দ্বী হ্যান্ডহেল্ডে ওএলইডি পর্দা থাকলেও লেনোভো এই মডেলে তরল স্ফটিক পর্দা ব্যবহার করেছে। গেমিং পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর।
ডিভাইসটিতে সক্রিয় শীতলীকরণ ব্যবস্থাও রয়েছে। ব্যবহারকারীরা ৬, ৮ অথবা ১২ গিগাবাইট র্যামের সংস্করণ বেছে নিতে পারবেন। সংরক্ষণক্ষমতা পাওয়া যাবে ১২৮ ও ২৫৬ গিগাবাইটে। পাশাপাশি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সংরক্ষণক্ষমতা বাড়ানোর সুযোগও রয়েছে। রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টা ক্ষমতার ব্যাটারি, যা দীর্ঘ সময় গেম খেলার সুবিধা দিতে পারে। এটি চলবে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে।
সংযোগ সুবিধার মধ্যে রয়েছে ৩ দশমিক ৫ মিলিমিটার অডিও সংযোগ, ইউএসবি ২.০, ব্লুটুথ ৫ দশমিক ৩ এবং ওয়াই-ফাই ৬ই।
প্রাথমিকভাবে চীনের বাজারে লেনোভো ক্লাউড গেমিং হ্যান্ডহেল্ড জি৭০০ উন্মুক্ত করা হয়েছে। ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট সংরক্ষণক্ষমতার সংস্করণের মূল্য ধরা হয়েছে ২ হাজার ১৯৯ চীনা ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩৭ হাজার টাকার কাছাকাছি। তবে আন্তর্জাতিক বাজারে ডিভাইসটি কবে পাওয়া যাবে, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানায়নি লেনোভো।





