আধুনিক প্রযুক্তিতে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
ক.বি.ডেস্ক: বাংলাদেশের ফটোজার্নালিজমকে বিশ্বমানে উন্নীত করতে, আধুনিক প্রযুক্তিতে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানো ও উন্নত প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। বর্তমান ডিজিটাল যুগে অনলাইন ও সোশ্যাল মিডিয়ার প্রসারে সংবাদ পরিবেশনায় আলোকচিত্রের গুরুত্ব বহুগুণ বেড়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ‘নেপালের সৌন্দর্য’ শীর্ষক নেপাল-বাংলাদেশ যৌথ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ কথা বলেন।
নেপাল ফোরাম অব ফটোজার্নালিস্টস (এনএফপিজে) ও বাংলাদেশ ফটোজার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া। সভাপতিত্ব করেন বিপিজেএ’র সভাপতি এ কে এম মহসীন। বক্তব্য রাখেন বিপিজেএ’র সাধারণ সম্পাদক বাবুল তালুকদার। সঞ্চালনা করেন কাজী রওনাক হোসেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘‘উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। আমরা এখন খবরের আগে ছবি দেখে সংবাদ পড়তে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট পড়তে আকৃষ্ট হই। কিন্তু আমাদের দেশের ফটো সাংবাদিকদের ইকুইপমেন্ট ও ক্যামেরা অনেক ক্ষেত্রে বৈশ্বিক মানদ- অনুযায়ী আধুনিক নয়। উন্নত প্রশিক্ষণ ও আধুনিক এডিটিং প্যানেল ব্যবহারের মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করতে হবে।’’
প্রদর্শনী উপলক্ষে নেপালের এনএফপিজেএ’র একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি প্রদীপ রাজ ওনতা। অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি লেখা বাহাদুর শ্রেষ্ঠ (সাগর), সাধারণ সম্পাদক ঘনশ্যাম শ্রেষ্ঠ, সম্পাদক প্রবীন কুলুং রাই, কেন্দ্রীয় সদস্য মুকুন্দ বাহাদুর কালিকোটে, হরিশ সিং নাগাল ও অনুপ প্রধান এবং সাধারণ সদস্য রাম শরণ মহারজান (লেন্সম্যান)। এ ছাড়া নেপালের পোখরা শাখার সম্পাদক প্রেম বাহাদুর থাপা ও সিন্ধুলি শাখার চেয়ারম্যান উদ্ধব কুমার শ্রেষ্ঠও উপস্থিত ছিলেন।





