৩১ অক্টোবর বাক্কো’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচন
ক.বি.ডেস্ক: আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ১২ সদস্যবিশিষ্ট ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে।
বাক্কো’র ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন আইসিসি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক এবং সদস্যদ্বয় হলেন নেক্সট অনলাইনের পরিচালক (অপারেশন) হাবিবুল হক ও টেক পয়েন্ট বিপিওর সিইও এস এম মনজুরুল ইসলাম। অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান হলেন ভেলোসিটা ইনফোসিসের চেয়ারম্যান মনিরুল ইসলাম এবং সদস্যদ্বয় হলেন এমরাজিনা টেকনোলোজিসের সত্বাধিকারি এমরাজিনা ইসলাম ও এম/এস ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার ফয়সাল আহমেদ।
নির্বাচনী তফসিল
নির্বাচনী তফসিল অনুযায়ি আগামী ৩১ অক্টোবর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ সেপ্টেম্বর, বুধবার। নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর। নির্বাচনের ভোটগ্রহণ এবং প্রাথমিক ফলাফল প্রকাশ হবে ৩১ অক্টোবর।
উল্লেখ্য, নির্বাচন বোর্ডের নির্দেশনা অনুযায়ী ভোটার তালিকায় সদস্যদের অন্তর্ভুক্তির জন্য বার্ষিক বকেয়া চাঁদা পরিশোধ এবং হালনাগাদ নথিপত্র অতি সত্ত্বর বাক্কো নির্বাচন সচিবালয়ে জমা দেয়ার জন্য বাক্কোর সকল সদস্য প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, “এবারের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপিল বোর্ড যথাসাধ্য কাজ করে যাচ্ছে। বাক্কোর প্রতিটি সদস্যের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”
বাক্কোর কার্যনির্বাহী কমিটির এ নির্বাচন দেশের বিপিও ও আইটিইএস শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠনটির আগামী দিনের নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সদস্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শিল্পের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হচ্ছে।





