উদ্যোগ

২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’

ক.বি.ডেস্ক: নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রসারে ও এসব পণ্যের বাজার সৃষ্টি করতে ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত। চতুর্থবারের মতো আয়োজিত এই তারা উদ্যোক্তা মেলার পর্দা নামবে ১ মার্চ।

দেশের বিভিন্ন প্রান্তের ৮৮ জন নারী উদ্যোক্তা তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে এই ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’-এ অংশ নেবে। এই মেলায় অংশগ্রহণকারী বেশিরভাগ নারী উদ্যোক্তা উৎপাদন খাতে জড়িত, যারা দেশের ঐতিহ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রতিবারের মতো এবছরও নারী উদ্যোক্তাদের এই মেলায় অংশ নিতে নিজেদের কোনও খরচ হচ্ছে না, মেলার সব খরচ বহন করবে ব্র্যাক ব্যাংক।

নারী উদ্যোক্তাদের ডিজিটাল ইকোসিস্টেমে নিয়ে এসে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেয়ার লক্ষ্যে মেলায় ব্র্যাক ব্যাংক কিউআর এবং কার্ড পেমেন্ট-সক্ষম প্রযুক্তিগত সহায়তা দেবে। মেলায় কিউআর পেমেন্টের ক্ষেত্রে যেকোনও পণ্য কেনাকাটায় ক্রেতারা ২০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন।

মেলায় সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা বুটিক, হাতে সেলাই করা পোশাক, হাতে তৈরি কারুশিল্প, মাটি ও পাটের তৈরি পণ্য, প্রক্রিয়াজাত চামড়া-পণ্য, জামদানি ও মসলিনের পোশাক, খাদ্যপণ্য, অর্গানিক স্কিনকেয়ার আইটেম এবং বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের পণ্যের সমাহার নিয়ে হাজির হবেন। মেলায় আগতদের জন্য থাকবে বায়োস্কোপ, ইফতার ও ডিনার ফুড কোর্ট, হাওয়াই মিঠাই সহ অন্যান্য স্টল।

এই প্রদর্শনীটি নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং দেশের ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে পণ্য উদ্ভাবনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে এসেছে। আয়োজনটি নারী উদ্যোক্তাদের পণ্যের বিক্রি বাড়াতে এবং চলমান ঈদ কেনাকাটার আবহে আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *