২৭ জুন অনুষ্ঠিত হবে বেসিস ইসি নির্বাচন
ক.বি.ডেস্ক: আগামী ২৭ জুন (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সফটওয়্যার খাতের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নির্বাচন। এ লক্ষ্যে নির্বাচন বোর্ড পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে।
গতকাল সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানা গেছে। বেসিস এর ইসি নির্বাচন আয়োজনের জন্য গত ৫ এপ্রিল (রবিবার) তফসিল ঘোষণা করা হয়।
বেসিস এর ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব তানিয়া ইসলাম। নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জাকির হোসেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নাসরিন সুলতানা।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এবং সদস্যদ্বয়ের স্বাক্ষর করা তফসিল অনুযায়ী, সদস্যপদ নবায়ন ও ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার শেষ সময় ২৭ এপ্রিল। এর মধ্যে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, প্রতিষ্ঠানের প্রতিনিধির মনোনয়নপত্র, ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ ৭ মে। এ তালিকা নিয়ে আপত্তি গ্রহণ চলবে ৮ থেকে ১০ মে পর্যন্ত। ১১ থেকে ১৩ মে পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে। ১৪ ও ১৫ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার শেষ সময় ১৫ থেকে ২১ মে পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ২২ থেকে ২৮ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন বাতিল সংক্রান্ত আপিল গ্রহণ চলবে ২৮ থেকে ৩০ মে এবং তা নিষ্পত্তি হবে ৩১ মে থেকে ২ জুনের মধ্যে। ৩ জুন বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৪ থেকে ৬ জুন পর্যন্ত এবং একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ জুন, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন সংক্রান্ত কোনও আপত্তি থাকলে ২৮ জুন তা দাখিল করা যাবে। আপিল শুনানি শেষে ১ জুলাই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন বোর্ড এর তথ্য মতে, প্রয়োজনে আপিলের ভিত্তিতে সংশোধিত ফলাফল ৮ জুলাই প্রকাশ করা হতে পারে। প্রয়োজনবোধে তফসিলে পরিবর্তন আনার ক্ষমতা তাদের সংরক্ষিত রয়েছে। পাশাপাশি নির্বাচন সংক্রান্ত সব তথ্য নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে।





