২৩-২৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’
ক.বি.ডেস্ক: বাংলাদেশের সাইবার সভেরেন্টি ও জাতীয় সাইবার সক্ষমতা বৃদ্ধিতে সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্য নিয়ে পাঁচ দিনব্যাপী ২৩ থেকে ২৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’। সম্মেলনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ও মূল সম্মেলন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হবে। দেশের সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’ আয়োজন করছে।
আজ বুধবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি)-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শামীম রেজা, পরিচালক (অপারেশনস ও কমিউনিটি) দিহান ইসলাম অলিফ এবং উপদেষ্টা (স্ট্রাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন) মো. আবদুল্লাহ ফরিদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও জোরদার করতে দক্ষ জনবল তৈরি, অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি ও ডিজিটাল স্থিতিশীলতা জোরদারের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)।
তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ সিরিজে বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশ নেবেন। ওয়ার্কশপগুলো আগামী ২৩ থেকে ২৫ জুন কেআইবিতে অনুষ্ঠিত হবে। ২৬ থেকে ২৭ জুন বিসিএফসিসিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি কনফারেন্স, যেখানে দেশ-বিদেশের নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্পখাতের প্রতিনিধি এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীরা অংশ নেবেন।
দুই দিনব্যাপী মূল সম্মেলনে ‘ব্লু টিম ডে’ ও ‘রেড টিম ডে’ শীর্ষক দুটি বিশেষ ট্র্যাক অনুষ্ঠিত হবে, যা টেকনিক্যাল স্টেজ ও এন্টারপ্রাইজ স্টেজ এই দুই ভিন্ন স্টেজে পরিচালিত হবে। টেকনিক্যাল স্টেজে সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, থ্রেট ইন্টেলিজেন্স, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ক্লাউড সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, রেড টিম ও ব্লু টিম অপারেশনস এবং এমার্জিং টেকনোলজি নিয়ে আলোচনা হবে।
এন্টারপ্রাইজ স্টেজে সাইবার রিস্ক অ্যান্ড গভর্ন্যান্স, ফাইন্যান্সিয়াল সেক্টর রেজিলিয়েন্স, উইমেন ইন সাইবার সিকিউরিটি, ডিজিটাল ট্রাস্ট, এক্সিকিউটিভ সাইবার লিডারশিপ, রেগুলেটরি অ্যান্ড পলিসি ডিরেকশন এবং ন্যাশনাল সাইবারসিকিউরিটি স্ট্র্যাটেজি নিয়ে সেশন অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সম্মানিত অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি) রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি থাকবেন আইসিটি সচিব কাজী আনোয়ার হোসেন।
সম্মেলনে জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া থেকে বিশেষজ্ঞ ও প্রতিনিধিবৃন্দ বিভিন্ন লিডারশিপ ডায়লগ ও নলেজ-শেয়ারিং সেশনে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের সাইবার সিকিউরিটি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘সাইবার সিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড’ ও টানা তৃতীয়বারের মতো ‘উইমেন ইন সাইবারসিকিউরিটি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
এ প্রসঙ্গে এ এস এম শামীম রেজা বলেন, “সাইবার সিকিউরিটি এখন আর কেবল প্রযুক্তিগত বিষয় নয়, এটি জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সভেরেন্টির প্রশ্ন। এই আয়োজনের মাধ্যমে আমরা সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার সিকিউরিটি পেশাজীবীদের একত্রিত করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা ও বৈশ্বিক ডিজিটাল ল্যান্ডস্কেপে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছি।”
‘ফিনিক্স সামিট ২০২৬’-এর পাওয়ার্ড বাই পার্টনার ব্র্যাক ব্যাংক। গোল্ড স্পন্সর মোহাম্মদ অ্যান্ড সন্স, এমজিএইচ গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, ম্যাগনাস করপোরেশন ও স্যান্স ইনস্টিটিউট। সিলভার স্পন্সর সিটি ব্যাংক। ব্রোঞ্জ স্পন্সর অ্যাগ্রোশিফট, গোল্ড কিনেন ও এপিএনআইসি। ফেলোশিপ স্পন্সর ফ্লেক্সঅপটিক্স জিএমবিএইচ। মোবিলিটি এক্সপেরিয়েন্স পার্টনার ভেলোসে বাইসাইকেল। হসপিটালিটি পার্টনার প্যান প্যাসিফিক সোনারগাঁও ও স্ট্র্যাটেজিক পার্টনার সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি)। বিস্তারিত: www.phoenixsummit.net





