১ ইঞ্চি সেন্সর ও ৮কে ভিডিও নিয়ে আন্তর্জাতিক বাজারে ইন্সটা৩৬০ লুনা প্রো
ক.বি.ডেস্ক: চীনের বাজারে উন্মোচনের পর এবার আন্তর্জাতিক বাজারে এসেছে ইন্সটা৩৬০-এর নতুন ৮কে গিম্বল ক্যামেরা লুনা প্রো। ১ ইঞ্চি সেন্সর, ৮কে ভিডিও রেকর্ডিং, তিন অক্ষের গিম্বল স্ট্যাবিলাইজেশন এবং বিচ্ছিন্ন করা যায় এমন ২ ইঞ্চির ওএলইডি টাচস্ক্রিন সব মিলিয়ে কনটেন্ট নির্মাতাদের জন্য আধুনিক ফিচারের সমন্বয় করেছে ক্যামেরাটি।
চলতি বছরের আগস্টের শেষ দিকে চীনে লুনা প্রো উন্মোচন করা হয়। এটি লুনা আল্ট্রার তুলনায় ছোট সংস্করণ। আল্ট্রা মডেলে ডুয়াল-ক্যামেরা থাকলেও লুনা প্রোতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল-ক্যামেরা সিস্টেম। ক্যামেরাটির প্রধান আকর্ষণ ১ ইঞ্চি সেন্সর ও লাইকা সুমিক্রন লেন্স। এতে এফ/১.৮ অ্যাপারচার এবং ২০ মিলিমিটার সমতুল্য ফোকাল লেন্থ রয়েছে। টেলিফটো ক্যামেরা না থাকলেও এটি ২ গুণ লসলেস জুম সুবিধা দেয়। কম আলোতেও উন্নত ছবি ও ভিডিও ধারণের জন্য ক্যামেরাটি কার্যকর হতে পারে।
লুনা প্রো সর্বোচ্চ ৩০ এফপিএসে ৮কে ভিডিও এবং ১২০ এফপিএসে ৪কে ভিডিও রেকর্ড করতে পারে। স্টিল ছবির রেজ্যুলেশন সর্বোচ্চ ৩৭ মেগাপিক্সেল। এতে রয়েছে ১০-বিট আই-লগ সাপোর্ট, যা পোস্ট-প্রোডাকশনে রঙ ও এক্সপোজার নিয়ন্ত্রণে বাড়তি সুবিধা দেবে। হ্যান্ডহেল্ড ভিডিও স্থির রাখতে ক্যামেরাটিতে রয়েছে তিন অক্ষের গিম্বল স্ট্যাবিলাইজেশন ও এআইভিত্তিক স্থিরতা সুবিধা। পাশাপাশি চারটি মাইক্রোফোন থাকায় উন্নত অডিও রেকর্ডিংয়ের সুবিধাও মিলবে।
এর ২ ইঞ্চির ওএলইডি টাচস্ক্রিনটি মূল ক্যামেরা থেকে খুলে আলাদা করা যায়। মূল বডিতে ১,৫৫০ এমএএইচ এবং ডিসপ্লেতে ২১০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার চার্জে সর্বোচ্চ চার ঘণ্টা ব্যবহার করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। কসমিক ব্ল্যাক ও স্টিলার হোয়াইট রঙে পাওয়া যাবে ইন্সটা৩৬০ লুনা প্রো। এর স্ট্যান্ডার্ড বান্ডেলের মূল্য ৬৬৯.৯৯ ডলার।





