উদ্যোগ

সেরা মার্চেন্টদের ওমরাহ ও কক্সবাজার ভ্রমণ উপহার দিল পাঠাও কুরিয়ার

ক.বি.ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ভালো পারফরম্যান্স করা মার্চেন্টদের স্বীকৃতি দিয়েছে পাঠাও কুরিয়ার। এ উপলক্ষে আয়োজিত ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ অনুষ্ঠানে চারটি বিশেষ ক্যাটাগরিতে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারের অংশ হিসেবে একজন মার্চেন্ট পেয়েছেন ওমরাহ প্যাকেজ এবং তিনজন পেয়েছেন ঢাকা-কক্সবাজার-ঢাকা দম্পতি ভ্রমণ প্যাকেজ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় পাঠাওয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সম্মাননা অনুষ্ঠান। মার্চেন্টদের ব্যবসায়িক সাফল্য ও ধারাবাহিক পারফরম্যান্সকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ অগ্রযাত্রায় উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

‘স্টার মার্চেন্ট’ হিসেবে স্বীকৃতি পেয়েছে ফালাক ফুড। পুরস্কার হিসেবে প্রতিষ্ঠানটির প্রতিনিধি একটি ওমরাহ প্যাকেজ পেয়েছেন। ‘টপ মার্চেন্ট’ হিসেবে আশ-শিফা অর্গানিক কেয়ার ও মিলানা পেয়েছে ঢাকা-কক্সবাজার-ঢাকা দম্পতি ভ্রমণ প্যাকেজ। এ ছাড়া ‘টপ ইনস্টাপে মার্চেন্ট’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে গুড ওয়ান। প্রতিষ্ঠানটিকেও দেয়া হয়েছে ঢাকা-কক্সবাজার-ঢাকা দম্পতি ভ্রমণ প্যাকেজ।

পাঠাও কুরিয়ারের চিফ অপারেটিং অফিসার আহমেদ দেলোয়ার হোসেন মারুফ বলেন, প্রতিটি মার্চেন্টের সাফল্য তাদের পুরো ব্যবসায়িক ব্যবস্থার অগ্রগতির সঙ্গে যুক্ত। এই আয়োজনের মাধ্যমে মার্চেন্টদের পরিশ্রম ও অর্জনকে সম্মান জানানো হচ্ছে। মার্চেন্টদের ব্যবসা আরও এগিয়ে নিতে পাঠাও কুরিয়ার প্রযুক্তি, সেবা ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে।

পাঠাও কুরিয়ারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ শুধু ব্যবসায়িক সংখ্যাগত অর্জনের স্বীকৃতি নয়। প্রতিটি অর্ডারের পেছনে থাকা উদ্যোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের পরিশ্রমকে গুরুত্ব দেয়ার অংশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে পাঠাওয়ের সঙ্গে যুক্ত মার্চেন্টদের সাফল্য উদযাপন করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

মার্চেন্টদের ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণে সহায়তার জন্য পাঠাও সম্প্রতি ‘পাঠাও কমার্স’ প্ল্যাটফর্মও চালু করেছে। এটি একটি সমন্বিত ব্যবসায়িক প্ল্যাটফর্ম, যেখানে স্টোরফ্রন্ট, বিক্রয় চ্যানেল, অর্ডার, পণ্য মজুত, পেমেন্ট, ডেলিভারি ও গ্রাহক যোগাযোগের মতো কার্যক্রম এক জায়গা থেকে পরিচালনার সুযোগ রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *