সাম্প্রতিক সংবাদ

সাবমেরিন ক্যাবলে কাজ, ৩ দিন ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে

ক.বি.ডেস্ক: বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-5) রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী তিন দিনের কিছু বেশি সময় সারাদেশে ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হতে পারে। মেরামত চলাকালীন ইন্টারনেটে ধীরগতি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর মহাব্যবস্থাপক (চালান ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেমের ‘শাট ফল্ট’ মেরামতের কাজ শুরু হবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা থেকে এবং চলবে সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত। অর্থাৎ, মোট ৩ দিন ৮ ঘণ্টা এই রক্ষণাবেক্ষণ কাজ চলবে।

বিএসসিপিএলসি কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ চলাকালীন সাবমেরিন ক্যাবলটি দিয়ে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে। ফলে গ্রাহকরা ইন্টারনেটে ধীরগতি অথবা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তবে কুয়াকাটার এই লাইনটি বন্ধ থাকলেও কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE-4) যথারীতি চালু থাকবে। ফলে সারা দেশ একেবারে বিচ্ছিন্ন না হলেও ইন্টারনেটের গতিতে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, কনসোর্টিয়ামের মাধ্যমে এই মেরামত কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা সম্ভব হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি কর্তৃপক্ষ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *