বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট: বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার
ক.বি.ডেস্ক: চার দিনব্যাপী বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। এই প্রযুক্তি মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিলো দেশের সবচেয়ে বড় মেগা ই-স্পোর্টস আসর ‘বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট’। মেলার হল অব ফেমে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।
গত শুক্রবার (৩০ জানুয়ারি) ডিডিআই এক্সপো-২৬ এর প্রদর্শনী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপের জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিজয়ীদের হাতে শিরোপা সহ মোট চার লাখ টাকার পুরস্কার তুলে দেয়া হয়।
আয়োজকদের দেয়া তথ্যমতে, ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ‘ফিফা’ বিভাগে চ্যাম্পিয়ন হন সিফাত আহমেদ এবং রানার্সআপ হন ইরফান ওয়াসিত খান। ‘ভ্যালোরেন্ট’ বিভাগে চ্যাম্পিয়ন হন ‘অল স্টার’ দল, আর রানার্সআপ হয় ‘রিউসেই ট্রাইডেন্টস’। এ ছাড়া ‘ই-ফুটবল’ বিভাগে চ্যাম্পিয়ন হন তানভীর শাহরিয়ার এবং রানার্সআপ হন ইয়াসির পূর্ণ।
ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ উপলক্ষে টানা তিন দিন ধরে প্রযুক্তি ও গেমিংয়ের এক অনন্য মেলবন্ধনে মুখর হয়ে ওঠে পুরো প্রদর্শনী প্রাঙ্গণ। অনলাইন পর্বে এক হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নিলেও বাছাই শেষে নির্বাচিত সেরা গেমাররাই সরাসরি মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আয়োজন প্রসঙ্গে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, “আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য দেশের তরুণ প্রজন্ম। যারা ই-স্পোর্টসকে ভালোবাসেন, তাদের জন্য একটি সঠিক ও মানসম্মত প্ল্যাটফর্ম তৈরি করাই ছিল উদ্দেশ্য। গেমারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দর্শকদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশে ই-স্পোর্টসের ভবিষ্যৎ অত্যন্ত সম্ভাবনাময়।”

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনীর আয়োজকেরা জানান, ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপে প্রযুক্তিপ্রেমীদের উপচে পড়া ভিড় এবং গেমারদের উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। তরুণদের এই উপস্থিতি ইঙ্গিত দেয় বাংলাদেশে ই-স্পোর্টস এখন আর শুধু বিনোদন নয়, বরং এক নতুন সম্ভাবনার নাম। এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তরুণদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য প্রস্তুত করাই ছিল মূল লক্ষ্য।
উল্লেখ্য, দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ শুরু হয় ২৮ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকা এই মেলা শেষ হয় ৩১ জানুয়ারি।
বিসিএস ই-চ্যাম্পিয়নশিপের সিলভার স্পন্সর ছিল গিগাবাইট, এসার, নেটিস, টিপি-লিংক ও ইউসিসি।





