বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেল পামপে
ক.বি.ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে স্মার্টফোন কেনার জন্য ঋণ সুবিধা চালু করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে। যার ফলে প্রতিষ্ঠানটি এক বছরের পাইলট কর্মসূচির মাধ্যমে দশ হাজার স্মার্টফোন কেনার ক্ষেত্রে ঋণ ও কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা দেবে। বাংলাদেশে এই প্রথম এমন উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল। এর ফলে দেশে স্মার্টফোন ব্যবহারের সুযোগ বাড়াবে এবং আর্থিক অন্তর্ভুক্তিতে মানুষের অংশগ্রহণ আরও সহজ ও দ্রুত করবে।
২০২৪ সালে বাংলাদেশে কার্যক্রমের শুরুতে পামপে লিমিটেড, মোবাইল অপারেটর ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রাথমিকভাবে তাদের সেবা চালু করে। এই উদ্যোগের মাধ্যমে স্মার্টফোন কেনার জন্য গ্রাহকদের কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে পামপে এখন এই ঋণসেবা ও কার্ডবিহীন সহজ কিস্তি সুবিধা আরও বিস্তৃত করার সুযোগ পেয়েছে। যা দেশে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত এবং একটি স্থিতিশীল, ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানে সহায়তা করবে।
পামপে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং (ইথান) বলেন, “বাংলাদেশ ব্যাংকের এই অনুমোদন পামপে এবং দেশের আর্থিক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি আমাদের উদ্ভাবনী প্রযুক্তি এবং ডিজিটাল সেবা দায়িত্বশীলভাবে সম্প্রসারণের প্রতিশ্রুতি প্রমাণ করে। স্মার্টফোন এখন আর্থিক অন্তর্ভুক্তির একটি অপরিহার্য অবকাঠামো এবং এই পাইলট প্রকল্প আরও বেশি এদেশের মানুষকে নিরাপদ ও কার্যকরভাবে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণের সুযোগ দেবে।”
পামপে একটি বহুজাতিক ফিনটেক প্রতিষ্ঠান, যা আফ্রিকা ও দক্ষিণ এশিয়া সহ বিভিন্ন উদীয়মান বাজারে কার্যক্রম পরিচালনা করছে এবং নাইজেরিয়ার বৃহত্তম ডিজিটাল ব্যাংক হিসেবে পরিচিত। প্রতিষ্ঠানটি ডিজিটাল পেমেন্ট, ঋণসেবা ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা প্রদান করে।





