সাম্প্রতিক সংবাদ

ডিজিটাল সেবা সম্প্রসারণে শুরু হলো ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’

ক.বি.ডেস্ক: ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’ স্লোগানে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ থেকে শুরু হলো তিন দিনব্যাপী (১৩-১৫ এপ্রিল) ‘‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’’। দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে এক প্ল্যাটফর্মে তুলে ধরতেই এই আয়োজন করছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। দেশের ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের অন্যতম এই বৃহৎ প্রদর্শনী, যেখানে একত্রিত হয়েছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্যোক্তা, নীতিনির্ধারক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং বিনিয়োগকারীরা।

আজ সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি) রেহান আসিফ আসাদ, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন আইএসপিএবি-এর সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘‘বর্তমান প্রেক্ষাপটে অপতথ্য ও ভুল তথ্যের হাত থেকে মানুষকে সুরক্ষা দেয়া এখন অন্যতম নাগরিক অধিকারে পরিণত হয়েছে। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের বড় দায়িত্ব হলো ডিজিটাল ইকোসিস্টেমে জনবান্ধব নীতি ও ট্যাক্স কাঠামো নিশ্চিত করা। সরকার, বিটিআরসি এবং সকল অংশীজন মিলে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করলে দ্রুত এই খাতের সম্ভাবনাগুলোকে কাজে লাগানো সম্ভব হবে। যত দ্রুত সময়োপযোগী সংস্কার করা যাবে; তত দ্রুত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ সকল উদ্যোক্তার পথ সুগম হবে এবং সাধারণ মানুষ ঘরে বসে সর্বোচ্চ সেবা পাবে।’’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘‘আগামী পাঁচ বছরে সরকার তিনটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে- সর্বজনীন কানেক্টিভিটি নিশ্চিতকরণ, ‘ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আইডেন্টিটি’ বাস্তবায়ন এবং ডিজিটাল ওয়ালেট ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বাংলাদেশ গড়ে তোলা। টেলিযোগাযোগ খাতে অ্যাক্টিভ শেয়ারিং বাস্তবায়নে বিটিআরসি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’’

এমদাদ উল বারী বলেন, ‘‘ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার (এফটিএসপি) নামটি বদলে আগের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নামটি বহাল করা হবে। সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) ব্যবহারের পলিসি রিভিউ করা হবে। অ্যাক্টিভ শেয়ারিংয়ের বিষয়ে শিগগিরই ইতিবাচক কিছু করা হবে।’’

মো. জহিরুল ইসলাম বলেন, ‘‘আইএসপি লাইসেন্স নবায়ন, অ্যাক্টিভ শেয়ারিং বিষয়ে যেসব সমস্যা রয়েছে তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে উদ্যোগ গ্রহণ করা হবে।’’

মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘‘আইএসপি এই খাতে প্রায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আইএসপি নেটওয়ার্কের মাত্র ৩০ শতাংশ ব্যবহার করা হয়। বাকিটা অব্যবহৃত থাকে। অ্যাক্টিভ শেয়ারিং থাকলে অব্যবহৃত নেটওয়ার্কের পরিমাণ অনেকাংশে কমে আসবে। দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের হার প্রায় ১৫ শতাংশ। সরকারের সহযোগিতা, নীতি সহায়তা পেলে আগামী ৫ বছরে এই হার ৫০ শতাংশ করা সম্ভব। সারা দেশে এক দেশ এক রেট বাস্তবায়ন করতে হলে ট্রান্সমিশন রেটও সারাদেশে এক হতে হবে।’’

‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’-এ ব্রডব্যান্ড ও তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্কভিত্তিক পণ্য প্রদর্শন করছে। এবারের আয়োজনে রয়েছে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন এবং ২০টি স্টল। এক্সপোর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে এক্সপেরিয়েন্স জোন, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবটিকস, আইওটি-সহ প্রায় ২৫টি প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শিত হচ্ছে। দর্শনার্থীরা এসব উদ্ভাবন সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *