গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ
ক.বি.ডেস্ক: দেশের টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট ও আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাস্টারকার্ডের সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। এ পার্টনারশিপের লক্ষ্য হলো দেশজুড়ে গ্রাহকদের জীবনধারা আরও সমৃদ্ধ এবং ডিজিটাল সম্পৃক্ততা আরও জোরদার করতে উদ্ভাবনী সুযোগ সন্ধান করা। গ্রাহকদের জন্য বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য উপযোগিতা-নির্ভর ও ভবিষ্যতের উপযোগী সেবা নিশ্চিত করা।
গ্রামীণফোনের বিস্তৃত ডিজিটাল ইকোসিস্টেম এবং মাস্টারকার্ডের বৈশ্বিক পেমেন্ট দক্ষতা ও লাইফস্টাইল-ভিত্তিক উদ্ভাবনের সমন্বয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে। পাশাপাশি সম্ভাব্য কো-ব্র্যান্ডেড উদ্যোগ এবং গ্রামীণফোনের গ্রাহকদের জন্য অন্যান্য সুবিধা সহ বৈচিত্র্যময় সেবা প্রদানে গুরুত্ব দেয়া হবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডিরেক্টর জাকিয়া সুলতানার উপস্থিতিতে পার্টনারশিপ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সহযোগিতার মাধ্যমে গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, ডিজিটাল সেবার প্রসার এবং ভোক্তাদের আধুনিক জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনী ও সুবিধাজনক সেবা প্রদানে নতুন দিগন্ত উন্মোচন করবে গ্রামীণফোন ও মাস্টারকার্ড।





