গেমিং পিসিতে বাড়বে গতি: কোর আল্ট্রা ২০০এস প্লাসে এমএসআই মাদারবোর্ড
ক.বি.ডেস্ক: নতুন প্রজন্মের ডেস্কটপ কম্পিউটিং অভিজ্ঞতা দিতে সর্বাধুনিক মাদারবোর্ড উন্মোচন করেছে এমএসআই। নতুন এই মাদারবোর্ডগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে সর্বশেষ ইন্টেল কোর আল্ট্রা ২০০এস প্লাস প্রসেসরের সঙ্গে কাজ করার জন্য। এমএসআই-এর ৮০০ সিরিজ (জেড৮৯০, বি৮৬০, এইচ৮১০) মাদারবোর্ডগুলো নতুন ডেস্কটপ আর্কিটেকচারের পূর্ণ সক্ষমতা কাজে লাগানোর জন্য ডিজাইন করা হয়েছে। এর ফলে আগের ইন্টেল কোর আল্ট্রা সিরিজ ২ প্রসেসরের তুলনায় উন্নত পারফরম্যান্স পাওয়া যাবে।
এমএসআই-এর কম্পিউটিং অ্যান্ড ডিসপ্লে গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জেমস ইয়ে বলেন, “নতুন কোর আল্ট্রা ২০০এস প্লাস প্রসেসরের বাড়তি কোর সংখ্যা ও সর্বোচ্চ ৫.৫ গিগাহার্টজ ক্লক স্পিডকে কাজে লাগাতে এমএসআই শক্তিশালী হার্ডওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছে। বিশেষ করে ম্যাগ জেড৮৯০ টমাহাক ওয়াইফাই ২ মাদারবোর্ডের ১৬-ফেজ ডুয়েট রেইল পাওয়ার সিস্টেম উচ্চক্ষমতার গেমিং ও পারফরম্যান্স কম্পিউটিংয়ের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে।”
ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট (এনথুসিয়াস্ট চ্যানেল বিজনেস) রবার্ট হ্যালক বলেন, “নতুন কোর আল্ট্রা ২০০এস প্লাস ডেস্কটপ প্রসেসর পারফরম্যান্স কম্পিউটিংয়ের নতুন যুগের সূচনা করছে। এমএসআই-এর ৮০০ সিরিজ মাদারবোর্ডের সঙ্গে এই প্রসেসর ব্যবহার করলে গেমিং ও কনটেন্ট ক্রিয়েশনে কম লেটেন্সি এবং উন্নত পারফরম্যান্স পাওয়া যাবে।”
পারফরম্যান্সে বড় উন্নতি
নতুন ইন্টেল কোর আল্ট্রা ২০০এস প্লাস প্রসেসরগুলোতে সর্বোচ্চ ২৪টি কোরের হাইব্রিড আর্কিটেকচার রয়েছে, যার মধ্যে ৮টি পারফরম্যান্স কোর ও ১৬টি এফিসিয়েন্সি কোর। সর্বোচ্চ ক্লক স্পিড পৌঁছাতে পারে ৫.৫ গিগাহার্টজ পর্যন্ত। আগের প্রজন্মের তুলনায় এতে রয়েছে- পারফরম্যান্স কোরে ২০০ মেগাহার্টজ পর্যন্ত বেশি গতি, এফিসিয়েন্সি কোরে ১০০ মেগাহার্টজ উন্নতি, আল্ট্রা ৭ ও আল্ট্রা ৫ মডেলে অতিরিক্ত ৬ এমবি ইন্টেল স্মার্ট ক্যাচ, ডাই-টু-ডাই ব্যান্ডউইডথে ৯০০ মেগাগার্টজ বৃদ্ধি, ডিডিআর৫ মেমোরি সাপোর্ট ৬৪০০ এমটি/এস থেকে ৭২০০ এমটি/এস।
এসব উন্নতির ফলে একই সেগমেন্টের আগের প্রসেসরের তুলনায় ১০৮০পি গেমিং পারফরম্যান্স গড়ে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত বেশি হতে পারে। এ ছাড়া বিদ্যমান ইন্টেল ৮০০ সিরিজ মাদারবোর্ড বিশেষ করে এমএসআই-এর জেড৮৯০ সিরিজ নতুন কোর আল্ট্রা ২০০এস প্লাস প্রসেসরের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। ফলে ব্যবহারকারীরা সহজেই আপগ্রেড করতে পারবেন।
সফটওয়্যার অপ্টিমাইজেশন সুবিধা
নতুন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছে ইন্টেল বাইনারি অপ্টিমাইজেশন টুল, যা নির্দিষ্ট কিছু গেমে স্বয়ংক্রিয়ভাবে পারফরম্যান্স বাড়াতে সহায়তা করবে। এ ছাড়াও পরিচিত প্রযুক্তিগুলো থাকছে- ইন্টেল অ্যাপ্লিকেশন অপ্টিমাইজার, ইন্টেল এক্সট্রিম মেমোরি প্রফোইল, ইন্টেল এক্সট্রিম টিউনিং ইউটিলিটি। এসব প্রযুক্তি গেমিং ও প্রোডাক্টিভিটি উভয় ক্ষেত্রেই পারফরম্যান্স অপ্টিমাইজ করতে সাহায্য করবে।
ম্যাগ জেড৮৯০ টমাহক ওয়াইফাই ২
ইন্টেল কোর আল্ট্রা ২০০এস প্লাস প্রসেসরের জন্য তৈরি এই এটিএক্স মাদারবোর্ডে রয়েছে পিসিএলই ৫.০, থান্ডারবোল্ট ৪ টাইপ-সি, ৫জি ল্যান, ওয়াইফাই ৭ এবং ডিডিআর৫ মেমোরি সাপোর্ট। ১৬-ফেজ ডুয়েট রেইল পাওয়ার সিস্টেম ও উন্নত হিটসিঙ্ক ডিজাইনের কারণে ভারী কাজেও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত হয়। এ ছাড়া থান্ডারবোল্ট ৪ এবং ফ্রন্ট ইউএসবি ২০জিবিপিএস টাইপ-সি পোর্ট ২৭ ওয়াট পর্যন্ত পাওয়ার ডেলিভারি সমর্থন করে।
প্রো জেড৮৯০-এস ওয়াইফাই৬ই ডব্লিউ
পেশাদার ও অফিস ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি এই মাদারবোর্ডে রয়েছে ১২-ফেজ ডুয়েট রেইল পাওয়ার সিস্টেম। সাদা রঙের মিনিমালিস্ট ডিজাইনের এই মডেলে ওয়াইফাই ৬ই, রিয়েলটেক ২.৫জি ল্যান এবং ফ্রন্ট ও রিয়ার ইউএসবি ২০জিবিপিএস টাইপ-সি পোর্ট রয়েছে।
বি৮৬০এম গেমিং প্লাস ওয়াইফাই৬ই
মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য তৈরি মাইক্রো-এটিএক্স ফর্ম ফ্যাক্টরের এই মাদারবোর্ডটি ইন্টেল বি৮৬০ চিপসেটভিত্তিক। এতে রয়েছে ওয়াইফাই ৬ই, ইন্টেল কিলার ৫জি ল্যান এবং ফ্রন্ট ও রিয়ার ইউএসবি ১০জিবিপিএস টাইপ-সি পোর্ট। ১২-ফেজ ডুয়েট রেইল পাওয়ার সিস্টেমের কারণে এটি গেমিং ও দৈনন্দিন ভারী কাজের জন্যও নির্ভরযোগ্য পারফরম্যান্স দিতে সক্ষম।





