এসএএস সিএফটি ২০২৬-এর চ্যাম্পিয়ন বাঙ্কিওয়েস্টার্নস, পুরস্কার ১০ হাজার ডলার
ক.বি.ডেস্ক: আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা ‘এসএএস সিএফটি ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে বাঙ্কিওয়েস্টার্নস। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দলটি জিতেছে ১০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় স্থান অর্জনকারী মধ্যপ্রাচ্যের দল পন্সেক পেয়েছে ৫ হাজার ডলার। আর তৃতীয় স্থান অর্জন করেছে রাশিয়ার সেন্ট্রাল ইউনিভার্সিটির দল কাট, যারা পেয়েছে ৩ হাজার ডলার।
সাইবার নিরাপত্তায় দক্ষতা বৃদ্ধি এবং দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয় ১৪টি দল। ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া-প্যাসিফিক, লাতিন আমেরিকা ও উত্তর আমেরিকার বিভিন্ন দল এতে প্রতিদ্বন্দ্বিতা করে। এসএএস সিএফটি-এর অনলাইন বাছাইপর্ব ও ক্যাসপারস্কি আয়োজিত সংশ্লিষ্ট প্রতিযোগিতায় অংশ নেওয়া ২ হাজার ৮০০টির বেশি দলের মধ্য থেকে বাছাই করে চূড়ান্ত পর্বের দলগুলোকে নির্বাচন করা হয়।
চূড়ান্ত পর্বে প্রতিটি দলকে একই সঙ্গে নিজেদের সার্ভার সুরক্ষিত রাখা এবং প্রতিপক্ষের সার্ভারের দুর্বলতা কাজে লাগিয়ে আক্রমণ চালানোর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। প্রতিপক্ষের সিস্টেমে সফলভাবে প্রবেশের পাশাপাশি নিজেদের সার্ভার সচল ও সুরক্ষিত রাখার সক্ষমতাও ছিল ফলাফল নির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয়। ফলে প্রতিযোগিতায় জিততে আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই দক্ষতা প্রদর্শন করতে হয়েছে দলগুলোকে।
এবারের প্রতিযোগিতায় যুক্ত করা হয় নতুন একটি পরীক্ষাও। ইন্টারনেট সংযোগ ও এআই এজেন্টবিহীন একটি বিচ্ছিন্ন নেটওয়ার্কে দলগুলোকে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে হাতে-কলমে বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। এর মাধ্যমে জটিল সাইবার নিরাপত্তা সমস্যা মোকাবিলায় মানুষের নিজস্ব জ্ঞান, বিশ্লেষণী ক্ষমতা ও বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরা হয়।
বাঙ্কিওয়েস্টার্নস দলের অধিনায়ক বলেন, “এসএএস সিএফটি প্রতিযোগিতার প্রথমার্ধে এআই ব্যবহার করে একে অপরের সিস্টেমে আক্রমণের লড়াই গত বছরের তুলনায় অনেক বেশি তীব্র ছিল। এআই টুল দ্রুত সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করতে পারছিল। তবে দ্বিতীয়ার্ধে এআইয়ের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। কিছু দুর্বলতা শনাক্ত করতে আমাদের নিজেরাই বিশ্লেষণ করতে হয়েছে। আশা করি, আগামী বছরও আমরা অংশ নেব।”
ক্যাসপারস্কির গ্লোবাল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিমের (জিআরইটি) জ্যেষ্ঠ নিরাপত্তা গবেষক লিওনিদ বেজভারশেঙ্কো বলেন, “এসএএস সিএফটি ২০২৬ দেখিয়েছে, সাইবার নিরাপত্তায় এআইয়ের ব্যবহার বাড়লেও চাপের মধ্যে মানুষের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতার বিকল্প নেই। এআই সম্ভাব্য সমাধানের পথ দেখাতে পারে, কিন্তু দীর্ঘদিনের হাতে-কলমে অভিজ্ঞতা ও বিশ্লেষণী চিন্তার জায়গা নিতে পারে না। সাইবার নিরাপত্তায় এআইয়ের ভূমিকা যত বাড়বে, মানুষের দক্ষতা বিকাশে এসএএস সিএফটি-এর মতো প্রতিযোগিতার গুরুত্বও তত বাড়বে।”
ক্যাসপারস্কি একাডেমির পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় সিকিউরিটি অ্যানালিস্ট সামিটের অংশ হিসেবে। ২০ থেকে ২৩ অক্টোবর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০০ জনের বেশি অংশগ্রহণকারী যোগ দেন। সম্মেলনে গুরুত্বপূর্ণ সফটওয়্যার দুর্বলতা প্রকাশ এবং বিভিন্ন ডিজিটাল খাতে সংঘটিত জটিল সাইবার হামলার তদন্তসহ সাইবার নিরাপত্তার নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।





