এমডব্লিউসি ২০২৬-এ এআই ভবিষ্যতের বার্তা দিচ্ছে বাংলালিংক
ক.বি.ডেস্ক: স্পেনের বার্সেলোনায় চলমান টেলিযোগাযোগ খাতের সবচেয়ে বড় আন্তর্জাতিক আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬- এ অংশ নিয়েছে দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংক। বিশ্বের শীর্ষ প্রযুক্তি ও টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ডিজিটাল খাতের চিত্র তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করেছে বাংলালিংক।
জিএসএমএ আয়োজিত এমডব্লিউসি টেলিযোগাযোগ খাতের বিশ্বের বৃহত্তম আয়োজন হিসেবে স্বীকৃত। এবারের প্রতিপাদ্য ‘দ্য আইকিউ এরা’। কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে নেটওয়ার্ক ব্যবস্থাপনা, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সমন্বিত আর্থিক সেবাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে সেই প্রেক্ষাপটেই নির্ধারণ করা হয়েছে এ প্রতিপাদ্য।
চার দিনব্যাপী এই আয়োজনে বাংলালিংক ও ভিওনের শীর্ষ কর্মকর্তারা বৈশ্বিক প্রযুক্তি অংশীদার ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করছেন। বিশ্বব্যাংক ও আইএফসি এর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হয়েছে। ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং এআই নির্ভর উদ্ভাবনী কাঠামো নিয়ে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাচ্ছে। ভিওন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু ‘ট্রান্সফর্মিং টুমরোজ কানেক্টেড ওয়ার্ল্ড’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বৈশ্বিকভাবে শিল্পখাত দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ইকোসিস্টেমের দিকে অগ্রসর হচ্ছে। সেই ধারার সঙ্গে তাল মিলিয়েই বাংলালিংক তাদের কৌশল পুনর্গঠন করেছে। নেটওয়ার্ক পরিকল্পনা ও অপ্টিমাইজেশনে এআই ও মেশিন লার্নিং সংযোজনের ফলে সেবার মান ও দক্ষতা দুটোই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করতে চালু করা হয়েছে এআইচালিত কাস্টমার সাপোর্ট টুল। একই সঙ্গে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আর্থিক ও লাইফস্টাইলভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম সম্প্রসারণ করছে বাংলালিংক, যা দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করছে।





