আসুস-এর নতুন প্রজন্মের এআই পিসির জমকালো আত্মপ্রকাশ
ক.বি.ডেস্ক: ‘অলওয়েজ ইনক্রেডিবল’- এর নতুন এক উচ্চতায় পৌঁছানোর সাক্ষী হলো প্রযুক্তি বিশ্বের সঙ্গে বাংলাদেশও। আসুস বাংলাদেশ উন্মোচন করল তাদের সর্বাধুনিক চারটি যুগান্তকারী এআই পিসি। এটি শুধু একটি পণ্য উন্মোচন নয়, বরং নতুন এক কম্পিউটিং যুগের সূচনা। উন্মোচিত হওয়া চারটি এআই পিসি হলো আসুস জেনবুক ডুও, আসুস জেনবুক এস১৬, আসুস জেনবুক ১৪ এবং আসুস ভিভোবুক ১৬।
অসাধারণ গতি, আরও স্মার্ট ওয়ার্কফ্লো এবং দৃষ্টিনন্দন স্লিম ডিজাইনের সমন্বয়ে তৈরি এই ল্যাপটপগুলো দৈনন্দিন জীবনের প্রতিটি কাজকে করে তুলবে আরও সহজ, দ্রুত এবং কার্যকর। আপনি কাজ করছেন, গেম খেলছেন কিংবা সৃজনশীল কোনও প্রজেক্টে ব্যস্ত আসুসের এই এআই পিসিগুলো আপনার প্রতিটি মুহূর্তকে করে তুলবে নিরবচ্ছিন্ন ও ঝামেলাহীন।
গতকাল বুধবার (২২ এপ্রিল) ঢাকার স্থানীয় একটি হোটেলে ‘অলওয়েজ ইনক্রেডিবল’ শীর্ষক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উন্মোচিত হলো আসুসের এআই-চালিত ল্যাপটপ। ল্যাপটপগুলো উন্মোচন করেন আসুসের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কনজ্যুমার বিজনেস জেনারেল ম্যানেজার পিটার চ্যাং, গ্লোবাল ব্র্যান্ড পিএলসির চেয়ারম্যান এ এস এম আব্দুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আনোয়ার, উপ-ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খোন্দকার এবং আসুস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. আল ফুয়াদ।
আসুস জেনবুক ডুও (২০২৬)
এই ল্যাপটপটিতে রয়েছে ডুয়াল-স্ক্রিন ডিজাইন, যা একইসঙ্গে একাধিক কাজ করতে সাহায্য করবে। এতে দুটি ফুল-সাইজ ডিসপ্লে রয়েছে, যার মধ্যে আছে থ্রিকে রেজ্যুলেশনের আসুস লুমিনা প্রো ওলেড ডিসপ্লে। কনটেন্ট তৈরি, গবেষণা, অফিসের কাজ বা মিটিংয়ের সময় কয়েকটি অ্যাপ একসঙ্গে এতে ব্যবহার করা যাবে। আসুসের সেরালুমিনিয়ামে তৈরি হওয়ায় ল্যাপটপটি ওজনে হালকা এবং টেকসই। এই ল্যাপটপটি প্রফেশনাল, ক্রিয়েটর এবং যারা ভিন্নধর্মী ল্যাপটপ খুঁজছেন, এমন ব্যবহারকারিদের জন্য উপযুক্ত।
জেনবুক ডুও (২০২৬) ল্যাপটপটিতে আছে ডুয়াল-স্ক্রিন ফিচার। এতে দুটি ১৪ ইঞ্চির থ্রিকে রেজ্যুলেশনের আসুস লুমিনা প্রো ওলেড টাচ ডিসপ্লে রয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আল্ট্রা এক্স৭ সিরিজ-থ্রি প্রসেসর। দীর্ঘ সময় ব্যবহার করার জন্য এতে আছে ৯৯ ওয়াট ডুয়াল ব্যাটারি। ল্যাপটপটি আসুসের সেরালুমিনিয়াম দিয়ে তৈরি। নতুন হিঞ্জ ডিজাইন, ডিটাচেবল ব্লুটুথ কিবোর্ড, আর ডুয়াল ফ্যান কুলিং সিস্টেমের সুবিধা দিবে এই ল্যাপটপটি। এতে আসুস স্ক্রিনএক্সপার্ট সফটওয়্যার রয়েছে, যা দুই স্ক্রিনে একসঙ্গে কাজ করা সহজ করে। তাই এটি কনটেন্ট ক্রিয়েটর, ডেভেলপার, আর যারা একসঙ্গে অনেক কাজ করেন তাদের জন্য উপযোগী।

আসুস জেনবুক এস১৬
১৬-ইঞ্চি ওলেড ডিসপ্লেতে ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। যারা বড় স্ক্রিনে কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য এই ল্যাপটপটি উপযোগী। ওজনে হালকা হওয়ায় এটি বহনও করা যাবে সহজে। এই ল্যাপটপটিও আসুসের সেরালুমিনিয়াম দিয়ে ডিজাইন করা হয়েছে। এএমডির সর্বশেষ প্রসেসরের এই ল্যাপটপটি অফিসের কাজ, বিনোদন, ক্রিয়েটিভ কাজ এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী।
জেনবুক এস১৬ ল্যাপটপে রয়েছে বড় ১৬ ইঞ্চির স্ক্রিন। ল্যাপটপটি সেরালুমিনিয়াম দিয়ে তৈরি হওয়ায় টেকসই, প্রিমিয়াম এবং একইসঙ্গে হালকা। এর প্রসেসর হলো এআমডি রাইজেন এআই ৪০০ সিরিজ, যেটি এআই দিয়ে কাজের গতি বাড়ায়। এতে থ্রিকে রেজ্যুলেশনের ওলেড ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত এবং এর উজ্জ্বলতা ১,১০০ নিট পর্যন্ত। এতে আরও রয়েছে ৬টি স্পিকার।
আসুস জেনবুক ১৪
পারফরম্যান্স, বহনযোগ্যতা এবং দীর্ঘ ব্যাটারি লাইফ চায় এমন ব্যবহারকারিদের জন্য এটি উপযোগী। এএমডি রাইজেন এআই প্রসেসরে এই ল্যাপটপটি দৈনন্দিন কাজের পাশাপাশি নতুন এআই-ভিত্তিক কাজও সহজে সামলাতে পারে। এতে রয়েছে ১৪-ইঞ্চির আসুস লুমিনা ওলেড ডিসপ্লে। এর সর্বোচ্চ থ্রিকে রেজ্যুলেশন থাকায় এর ভিজ্যুয়ালও উজ্জ্বল।
প্রায় ১.২ কেজি ওজনের স্লিম এবং হালকা এই ল্যাপটপটি দৈনন্দিন কাজ এবং এআই এর ব্যবহারে ভালো পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ১৪-ইঞ্চির আসুস লুমিনা ওলেড ডিসপ্লে। এতে সর্বোচ্চ থ্রিকে রেজ্যুলেশনের এবং ১২০হার্টজ রিফ্রেশ রেট ফিচার আছে। এএমডি রাইজেন এআই ৪০০ সিরিজ প্রসেসর এবং ইন্টিগ্রেটেড এআই অ্যাক্সিলারেশনে তৈরি এই ল্যাপটপটি মাল্টিটাস্কিংও সাপোর্ট করে। এর ব্যাটারি ব্যাকআপ থাকে সর্বোচ্চ ১৭ ঘণ্টা পর্যন্ত।

আসুস ভিভোবুক ১৬ (২০২৬)
ল্যাপটপটি সাধারণ ব্যবহারকারিদের চাহিদা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বড় ডিসপ্লে, হালকা ডিজাইন এবং প্রোডাক্টিভিটিকে গুরুত্ব দিয়ে এই এআই-পাওয়ারড ল্যাপটপটি তৈরি করা হয়েছে। শিক্ষার্থী, এবং তরুণ পেশাজীবীদের জন্য এই ল্যাপটপটি সুবিধা দিবে।
২০২৬ সালের ভিভোবুক ১৬ ল্যাপটপটি ভালো পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যে সমন্বয় করা হয়েছে। এএমডি রাইজেন এআই ৪০০ সিরিজে এই কোপাইলট+ পিসি পাওয়া যাবে। এতে এআই ফিচার, দীর্ঘ ব্যাটারি লাইফ, আইপিএস ডিসপ্লে অপশন রয়েছে। এছাড়া এতে উন্নত নিরাপত্তা ব্যবস্থার জন্য এআই ক্যামেরা লগইন ফিচার এবং মাইক্রোসফট প্লুটন সিকিউরিটি প্রসেসর রয়েছে।
আসুসের এই নতুন ল্যাপটপগুলো দেশের প্রযুক্তি বাজারে বাজারজাত করছে পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। আসুস জেনবুক ডুও-এর মূল্য ৪,৮২,৯৯০ টাকা; আসুস জেনবুক এস১৬-এর মূল্য ২,৫৬,০০০ টাকা; আসুস জেনবুক ১৪-এর মূল্য ১,৫৩,০০০ টাকা এবং আসুস ভিভোবুক ১৬-এর মূল্য ১,২৯,০০০ টাকা।





