ওপেনএআইয়ের বৈশ্বিক পার্টনার নেটওয়ার্কে বাংলাদেশের রাইজআপ ল্যাবস
ক.বি.ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের পার্টনার নেটওয়ার্কে ‘সিলেক্ট পার্টনার’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশভিত্তিক এআই-নেটিভ বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস। এর মাধ্যমে এআই প্রযুক্তি তৈরি, বাস্তবায়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এর ব্যবহার বাড়াতে ওপেনএআইয়ের পার্টনার ইকোসিস্টেমের অংশ হিসেবে কাজ করবে রাইজআপ ল্যাবস।
ওপেনএআই পার্টনার নেটওয়ার্ক বিশ্বজুড়ে প্রতিষ্ঠানগুলোকে এআই প্রযুক্তি ব্যবহারে সহায়তা করে। এই নেটওয়ার্কের মাধ্যমে অংশীদারেরা বিভিন্ন ব্যবসা ও প্রতিষ্ঠানের জন্য এআই প্রযুক্তি তৈরি এবং বাস্তবায়নে কাজ করে। প্রযুক্তিগত দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং সহযোগিতার সক্ষমতার ভিত্তিতে ওপেনএআই পার্টনারদের মূল্যায়ন করে। পার্টনার নেটওয়ার্কে তিনটি স্তর রয়েছে। এগুলো হলো সিলেক্ট, অ্যাডভান্সড এবং এলিট।
সিলেক্ট পার্টনার হিসেবে রাইজআপ ল্যাবস প্রতিষ্ঠানগুলোকে এআই ব্যবহারের সুযোগ চিহ্নিত করতে সহায়তা করবে। পাশাপাশি এআই প্রযুক্তি বাস্তব কাজে যুক্ত করা, অটোমেশন, সফটওয়্যার উন্নয়ন এবং গ্রাহকসেবা উন্নয়নে কাজ করবে।





