ইউসিবির কর্পোরেট অফিসে ম্যানেজড ওয়াই-ফাই সেবা দেবে রেড ডাটা
ক.বি.ডেস্ক: রেড ডাটা দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর কর্পোরেট অফিসে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য ওয়াই-ফাই সেবা নিশ্চিত করবে। সার্বক্ষণিক (২৪×৭) নেটওয়ার্ক ও ওয়াই-ফাই পর্যবেক্ষণ, এক্সেস পয়েন্ট ব্যবস্থাপনা, পারফরম্যান্স তদারকি, ট্রাবলশুটিং, প্রতিরোধমূলক ও সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী দূরবর্তী ও সরাসরি কারিগরি সহায়তা প্রদান করবে। সেবার মান নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভিস অ্যাভেইলিবিলিটি এবং দ্রুত ঘটনা প্রতিক্রিয়া (ইনসিডেন্ট রেসপন্স) ব্যবস্থা রাখা হয়েছে।
সম্প্রতি এ লক্ষ্যে রেড ডাটার সঙ্গে একটি চুক্তি করেছে ইউসিবি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ডাটা (প্রাইভেট) লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন আহমেদ এবং উপদেষ্টা সৈয়দ আলমাস কবীর। ইউসিবির চিফ টেকনোলজি অফিসার মো. মাশুকুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জিশান কিংশুক হক, প্রধান আর্থিক কর্মকর্তা ফারুক আহমেদ এবং হেড অব নেটওয়ার্ক এ এস এম নওশাদ আলম।
এই চুক্তিটি রেড ডাটার এন্টারপ্রাইজ কানেক্টিভিটি, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এবং ম্যানেজড আইটি সেবার সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে ইউসিবির কর্পোরেট অফিসের নেটওয়ার্ক অবকাঠামোকে আরও নির্ভরযোগ্য, দক্ষ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণে রেড ডাটার প্রযুক্তিগত সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





