উদ্যোগ

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ক.বি.ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি)-এর উদ্যোগে ‘আইপিএ এফই (আইটিইই) ট্রেনিং’ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ও কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি) এই বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিসিসির বাংলাদেশ আইটি-ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটেক)-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. গোলাম সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আল-ইমতিয়াজ এবং টিওটি ট্রেনার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আন্নাজিয়াত আলিম রাসেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন।

প্রশিক্ষণ কোর্সে ইউআইটিএসের নির্বাচিত ৪০ জন শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। জাপানের ইনফরমেশন টেকনোলজি প্রমোশন এজেন্সি (আইপিএ)-এর অধীনে পরিচালিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটিইই লেভেল-২: এফই (ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং) পরীক্ষার প্রস্তুতির জন্য এ কোর্সটি পরিচালিত হবে।

আয়োজকরা জানান, আইটিইই সনদ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের আইসিটি খাতে আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি পেশাগত দক্ষতা ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বিশেষায়িত এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। অনুষ্ঠানে এপ্রিল ২০২৬ সালের আইটিইই পরীক্ষায় উত্তীর্ণ ইউআইটিএসের ১০ জন কৃতি পরীক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাদের সাফল্যের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *