আসছে ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার ম্যাজিক ভি৬’
ক.বি.ডেস্ক: দেশের বাজারে ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার ম্যাজিক ভি৬’ আনছে বৈশ্বিক প্রতিষ্ঠান অনার। ব্র্যান্ডটির অন্যতম প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোনটি আগামী ৭ জুলাই বাজারে আসছে। আসন্ন এই স্মার্টফোনটি বর্তমান বাজারের অন্যতম পাতলা ফোল্ডেবল স্মার্টফোনগুলোর একটি হতে যাচ্ছে। এতে রয়েছে তিন গুণ বেশি হিঞ্জ ডিউরেবিলিটি। ফোনটি আনফোল্ড অবস্থায় মাত্র ৪ মিলিমিটার এবং ফোল্ড অবস্থায় ৮ দশমিক ৭৫ মিলিমিটার পুরু এবং ওজন প্রায় ২১৯ গ্রাম।
‘অনার ম্যাজিক ভি৬’ ডিভাইসটিতে রয়েছে ৬ হাজার ৬৬০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ক্ষমতার সিলিকন-কার্বন ব্যাটারি, যা মূলধারার ফোল্ডেবল স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম বড় ব্যাটারি। এতে ২৫ শতাংশ সিলিকন উপাদানসমৃদ্ধ নতুন প্রজন্মের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ফোল্ডেবল স্মার্টফোনের এনার্জি ডেনসিটি খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।
অফিস ও দৈনন্দিন কাজকে আরও সহজ করতে স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে অনার-এআইভিত্তিক বিভিন্ন ফিচার। স্প্লিট-স্ক্রিনে একসঙ্গে একাধিক কাজ, ডকুমেন্ট পর্যালোচনা, ই-মেইল ম্যানেজমেন্ট, নোট নেয়া, মিটিং সহায়তা এবং প্রেজেন্টেশন তৈরির সুবিধা মিলবে এতে।
এ ছাড়া অ্যাপল ইকোসিস্টেমের সঙ্গে সমন্বিত ব্যবহারের সুবিধাও থাকছে। ফলে আইফোন ও ম্যাকের সঙ্গে সহজে ফাইল আদান-প্রদান, ম্যাককে দ্বিতীয় স্ক্রিন হিসেবে ব্যবহার, আইক্লাউডে প্রবেশাধিকার এবং এয়ারপডস ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। থাকছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট এবং উন্নত এআই ক্যামেরা সিস্টেম।





