এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির ‘ঈদের হাসি’
ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) হিসেবে গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ‘ঈদের হাসি’র আয়োজন করে। ঈদ-উল-ফিতরের আনন্দকে বাড়িয়ে তুলতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করে তাদের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
সম্প্রতি নেত্রকোণায় অবস্থিত শতবছরের পুরনো শিক্ষাপ্রতিষ্ঠান বরুয়াকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮০০ শিক্ষার্থীর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। নতুন পোশাকে ঈদ উদযাপনের আনন্দ যাদের কাছে সবসময় সহজলভ্য নয়, সেইসব শিশুর উৎসবকে রাঙিয়ে তুলতেই রিয়েলমির এই বিশেষ প্রচেষ্টা। এই উদ্যোগ বাস্তবায়নে গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশন-এর তরুণ স্বেচ্ছাসেবীদের পাশাপাশি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
রিয়েলমির ‘ঈদের হাসি’ উদ্যোগটি দেখিয়ে দিয়েছে যে, কর্পোরেট সহায়তার পাশাপাশি, তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজের ইতিবাচক পরিবর্তনে কতোটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রযুক্তির সীমানা পেরিয়ে সামাজিক কল্যাণে অবদান রাখছে রিয়েলমি, যেন ঈদের আনন্দ সমাজের প্রতিটি শিশুর কাছে পৌঁছে দেয়া সম্ভব হয়।





