সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে বাক্কোর ইফতার মাহফিল
ক.বি.ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) পবিত্র মাহে রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও দুস্থ শিশুদের নিয়ে এক আন্তরিক ইফতার মাহফিলের আয়োজন করে। ঢাকার নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমখানার শিশুদের সঙ্গে বাক্কোর প্রতিনিধিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
গতকাল শনিবার (১৪ মার্চ) ঢাকার নয়াটোলা এ ইউ এন মডেল কামিল মাদরাসা ও এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাক্কো কার্যনির্বাহী কমিটির প্রতিনিধিবৃন্দ, বাক্কোর সদস্যবৃন্দ, এবং বাক্কো সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ।
এ বাক্কোর সাধারণ সম্পাদক ফয়সল আলিম বলেন, “প্রযুক্তিনির্ভর সেবা খাতের সংগঠন হিসেবে বাক্কো শুধু শিল্পখাতের উন্নয়নেই কাজ করছে না, বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করে থাকে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে আনন্দ ভাগ করা সংগঠনটির অন্যতম অঙ্গীকার”।

ইফতারের পূর্বমুহুর্তে এতিমখানার শিশুদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আয়োজনে মাদ্রাসার কর্তৃপক্ষ বাক্কোর এই উদ্যোগকে স্বাগত জানান এবং এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি এমন মানবিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চাকে আরও শক্তিশালী করবে।
পবিত্র মাহে রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সেই চেতনাকে ধারণ করেই বাক্কো প্রতি বছর সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এই ইফতার মাহফিলের মাধ্যমে এতিম ও দুস্থ শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি তাদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বার্তা তুলে ধরা হয়।





