শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ‘আওয়ার অব এআই’ শীর্ষক কর্মশালা
ক.বি.ডেস্ক: শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা প্রদানের লক্ষ্যে শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ‘আওয়ার অব এআই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘আওয়ার অব এআই’ কার্যক্রমের সঙ্গে পরিচিত করা, ওরিয়েন্টেশনের মাধ্যমে প্রোগ্রামিং ও কোডিং বিষয়ে বাস্তব অভিজ্ঞতা প্রদান, মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন এবং এ কার্যক্রম বাস্তবায়নে সহায়ক এডটেক প্ল্যাটফর্ম ‘শিক্ষক বাতায়ন’ ও ‘কিশোর বাতায়ন’-এর সঙ্গে তাদের পরিচিত করানো ছিল কর্মশালার মূল উদ্দেশ্য।
গতকাল বুধবার (৮ এপ্রিল) ঢাকার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর মিলনায়তনে অনুষ্ঠিত ‘আওয়ার অব এআই’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক শাখা) মো. ইউনুছ ফারুকী। বিশেষ অতিথি ছিলেন নায়েম-এর মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হক। সভাপতিত্ব করেন এটুআই-এর প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এটুআই-এর কারিগরি সহায়তায় অনুষ্ঠিত ‘আওয়ার অব এআই’ শীর্ষক কর্মশালায় পরিকল্পনা ও উদ্দেশ্য নিয়ে উপস্থাপনা করেন এটুআই প্রোগ্রামের ফিউচার অব এডুকেশনের লিড মো. আফজাল হোসেন সারওয়ার। পরিচিতি ও বিস্তারিত সেশন পরিচালনা করেন সহকারী অধ্যাপক ও এটুআই-এ সংযুক্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন খান এবং এটুআই-এর জুনিয়র কনসালটেন্ট জাওহার নুসরাত বিনা। পরিকল্পনা উপস্থাপন ও ফিডব্যাক সেশন পরিচালনা করেন সহযোগী অধ্যাপক ও এটুআই-এ সংযুক্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ দিদারুল আনাম।
কর্মশালায় একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ মতামতের ভিত্তিতে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিভীতি দূর হবে এবং গেমিফাইড লার্নিং-এর মাধ্যমে তারা কোডিং ও প্রোগ্রামিং সম্পর্কে প্রাথমিক ও কার্যকর ধারণা লাভ করতে সক্ষম হবে বলে মনে করেন বক্তারা।





