মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ ও টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকেট’-এর যাত্রা
ক.বি.ডেস্ক: বাংলাদেশে সুযোগ অন্বেষণ, নাগরিক পরিষেবা গ্রহণ এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সৃষ্টিতে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়ানো ও পারস্পরিক নেটওয়ার্ক জোরদারের লক্ষ্যে মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ এবং যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকেট’ চালু করেছে অন্তর্বর্তী সরকার।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে এই দুই ডিজিটাল পরিষেবার বিস্তারিত তুলে ধরেন।
‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা সহজেই একশটিরও বেশি নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন। উৎসব-উদযাপনের দিনসহ অন্যান্য সময়েও বাস, রেল ও বিমানযাত্রায় অনিয়ম রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ‘দ্রুত টিকেট’ চালু করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘সরকারের সব সেবা যেন ভোগান্তি ছাড়াই নাগরিকদের কাছে পৌঁছে যায় এটাই ছিল আমাদের লক্ষ্য। এটি কেবল একটি সূচনা। প্ল্যাটফর্ম দুটিকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যেতে হবে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে। আশা করছি, পরবর্তী নির্বাচিত সরকার এই দুটি উদ্যোগকে আরও এগিয়ে নেবে।’





