উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

ভবিষ্যৎ প্রযুক্তির খোঁজে, ১৩ এপ্রিল শুরু হচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’

ক.বি.ডেস্ক: বাংলাদেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’ স্লোগানে আগামী ১৩-১৫ এপ্রিল তিন দিনব্যাপী প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’’। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)- এর উদ্যোগে আয়োজিত এবারের প্রদর্শনী রাজধানীর শের-ই-বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রদর্শনী সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রদর্শনীতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তি, সেবা এবং বিভিন্ন আইএসপির অফার প্রদর্শন করা হবে। এতে ব্রডব্যান্ড খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। প্রদর্শনীতে আপনি উপভোগ করতে পারবেন এআই, রোবোটিক্স, ক্লাউড টেকনোলজি, আইওটি, ফাস্ট ব্রডব্যান্ড এক্সপেরিয়েন্স, ট্রিপল প্লে এবং আরও অনেক কিছু যা আপনার জীবনকে সহজ, স্মার্ট এবং সংযুক্ত করবে।

আজ শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীতে অবস্থিত (আইএসপিএবি)- এর কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান আইএসপিএবি-এর সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। এ সময় উপস্থিত ছিলেন আইএসপিএবি-এর সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, সহ-সভাপতি নেয়ামুল হক খান এবং কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ।

সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইএসপিএবি-এর যুগ্ন-মহাসচিব মাহবুব আলম রাজু, যুগ্ন মহাসচিব ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন, ছয় পরিচালক রাশেদুর রহমান রাজন, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো. জুবায়ের ইসলাম ও এস এম সাইফুল ইসলাম সেলিম-সহ সকল স্পন্সর প্রতিনিধি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ এপ্রিল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়) রেহান আসিফ আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী।

১৫ এপ্রিল ব্রডব্যান্ড এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, আইসিটি সচিব কাজী আনোয়ার হোসেন, বিটিআরসির ভাইস- চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

ফিক্সড ব্রডব্যান্ডের প্রসার বাড়াতে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’

আইএসপিএবি-এর সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম জানান, ‘‘এবারের আয়োজনে জাতীয় পর্যায়ের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অংশ নিচ্ছে উদ্ভাবক, সেবাদাতা ও ক্ষুদ্র উদ্যোক্তারা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস, আইওটি ইত্যাদি ভিত্তিক প্রায় ২৫টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবে। এক্সপেরিয়েন্স জোনে সেসব দেখতে পারবেন প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা। তা ছাড়া তথ্য ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক পণ্যসমূহের প্রদর্শন করবে। এবারের প্রদর্শনীতে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টল থাকবে।’’

আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া বলেন, ‘‘এবারের প্রদর্শনীতে দেশের শীর্ষস্থানীয় ব্রডব্যান্ড ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। এতে নতুন প্রযুক্তি, ইন্টারনেট অবকাঠামো, ডিজিটাল সেবা এবং উদ্ভাবনী সমাধান তুলে ধরা হবে। ভবিষ্যতের টেকসই সংযোগ অবকাঠামোকে সামনে রেখে আয়োজনটি দেশের ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়, বরং দেশের ব্রডব্যান্ড শিল্পের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার একটি পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটাবে।’’

ব্রডব্যান্ড এক্সপো-২০২৬ -এর প্লাটিনাম স্পন্সর ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশন্স। ডায়মন্ড স্পন্সর আম্বার আইটি, সি-ডাটা, ওএফএস ক্যাবলস এবং রেস অনলাইন। গোল্ড স্পন্সর কেএস নেটওয়ার্ক, সার্কেল নেটওয়ার্ক, এডিএন টেলিকম, প্লেক্সাস ক্লাউড, এক্সেল টেকনোলজিস, ডট ইন্টারনেট, লিংক থ্রি কমিউনিকেশন্স, এআরএ টেকনোলজিস, জিএএমএমএ ইনোভেশন, মায়েস্ত্রো টেকনোলজিস, ইন্টারক্লাউড, সাউথ বাংলা, এক্সাবাইট এবং জিনিউ বাংলাদেশ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *