গাজীপুরে বিটিসিএল ও স্যাটেলাইট ভূকেন্দ্র পরিদর্শনে মন্ত্রী ফকির মাহবুব আনাম
ক.বি.ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম আজ গাজীপুর জেলায় বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর টেলিযোগাযোগ স্টাফ কলেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, “প্রশিক্ষণ কেন্দ্রের অব্যবহৃত জমি পরিকল্পিতভাবে ব্যবহার করা গেলে এটি সরকারের জন্য আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। প্রশিক্ষণ কার্যক্রমে ব্যাঘাত না ঘটিয়ে দ্রুত একটি বাস্তবসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরির নির্দেশনা দিতে হবে। সরকারি সম্পদ অব্যবহৃত রাখা যাবে না; আগে থেকেই পরিকল্পনা নিয়ে এগোতে হবে। ইঞ্জিনিয়ার সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।”
সচিব আব্দুন নাসের খান বলেন, “এই প্রশিক্ষণ কেন্দ্রকে আমরা শুধু সরকারি কোর্সে সীমাবদ্ধ রাখব না; সরকারি-বেসরকারি সবার জন্য উন্মুক্ত করা হবে। আন্তর্জাতিক মানের সার্টিফাইড কোর্স চালুর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা হবে। আগামী ১৮০ দিনের মধ্যে একটি স্পষ্ট কর্মপরিকল্পনা দিতে হবে কোর্স চালু, আধুনিকায়ন ও প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাব সহ। লক্ষ্য একটাই টেলিযোগাযোগ স্টাফ কলেজকে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা।”

সভায় কর্মকর্তারা চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নবযোগদানকৃত কর্মচারীদের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মন্ত্রী। টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন শেষে মন্ত্রী বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির গাজীপুরস্থ উপগ্রহ ভূকেন্দ্র পরিদর্শন করেন।





