কক্সবাজার বিমানবন্দর-রেলস্টেশনের ফ্রি ওয়াইফাই পরিদর্শনে মন্ত্রী
ক.বি.ডেস্ক: আজ কক্সবাজার বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে স্থাপিত ফ্রি ওয়াইফাই সেবা পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। পরিদর্শনকালে মন্ত্রী সেবার গুণগত মান, গতি এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির এমডি ড. মুহাম্মদ ইমাদুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন, বিটিসিএল এর কর্মকর্তা সহ দপ্তর সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং ট্রেনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে দেশি-বিদেশি যাত্রী ও পর্যটকরা সহজে ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারবেন।’’
উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ‘‘আমরা সারাদেশে ধাপে ধাপে ফ্রি ওয়াইফাই সেবা সম্প্রসারণ করে চলেছি। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো বিশেষ করে রেলওয়ে স্টেশন ও বিমানবন্দরে ইতোমধ্যে এই সেবা চালু করা হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের সুবিধা, নিরাপত্তা এবং ডিজিটাল সংযোগ নিশ্চিত করতে আমরা আরও নতুন নতুন পর্যটন স্পটকে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা নিয়েছি। পর্যায়ক্রমে সারা দেশে এই সেবা আরও বিস্তৃত করা হবে, যাতে সাধারণ মানুষ ও পর্যটকরা সহজেই ডিজিটাল সুবিধা ভোগ করতে পারেন।’’





