এমটব এর নতুন সভাপতি জিয়াদ সাতারা
ক.বি.ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (১১ মার্চ) এমটব এর ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। জিয়াদ সাতারা গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হলেন এবং ১ এপ্রিল থেকে দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
এমটব এর নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলালিংকের সিইও ইয়োহান বুসে, ভাইস প্রেসিডেন্ট গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এবং পরিচালক হিসেবে রয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল মাবুদ চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন এমটব মহাসচিব ও পরিচালক (অব.) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার।
সভায় এমটবের সদস্য ও সহযোগী সদস্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এরিকসন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) এর সিইও উ জি (জেসন), বাংলালিংকের সিসিআরএও তাইমুর রহমান, গ্রামীণফোনের সিসিএও তানভীর মোহাম্মদ, রবি আজিয়াটার সিসিআরও সাহেদ আলম এবং টেলিটকের ডিজিএম লুৎফুল্লাহিল মজিদ।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে জিয়াদ সাতারা বলেন, “মোবাইল টেলিযোগাযোগ খাত বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই শিল্প দেশের প্রতিটি নাগরিকের সঙ্গে যুক্ত এবং আমরা একটি স্মার্ট ও টেকসই ডিজিটাল ভবিষ্যৎ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়ন্ত্রক সংস্থা এবং শিল্পের অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমরা এই খাতের পূর্ণ সম্ভাবনা উন্মোচন করে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে চাই।”





