এআই’র দায়িত্বশীল ব্যবহার, অনারের উদ্যোগে বিআইজেএফের কর্মশালা
ক.বি.ডেস্ক: সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং মিডিয়া ইন্টিগ্রিটি নিশ্চিত করতে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)-এর সদস্য সাংবাদিকদের জন্য এক বিশেষ কর্মশালার আয়োজন করেছে অনার বাংলাদেশ।
সম্প্রতি রাজধানী ঢাকায় স্মার্ট টেকনোজিসের প্রধান কার্যালয়ের মিলনায়তনে “প্র্যাকটিক্যাল এআই অ্যান্ড মিডিয়া ইন্টেগ্রিটি উইডথ অনার এআই” শীর্ষক এই কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালায় বিআইজেএফ-এর নেতৃবৃন্দ সহ সদস্যরা অংশ নেন। কর্মশালাটি পরিচালনা করেন ডন সামদানী ফ্যাসিলিটেশনের চিফ ইনস্পিরেশনাল অফিসার গোলাম সামদানি ডন।
কর্মশালায় স্বাগত বক্তব্যে বিআইজেএফ সভাপতি হিটলার এ. হালিম বলেন, ‘‘বর্তমান সময়ে সাংবাদিকদের জন্য এআই সম্পর্কে জানা বিলাসিতা নয়; বরং প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব রক্ষার জন্য এটি অপরিহার্য। প্রযুক্তি, নৈতিকতা ও বাস্তব সাংবাদিকতার মধ্যে সেতুবন্ধন গড়তেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।’’
অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন, ‘‘সংবাদ তৈরি ও গ্রহণের ধরন বদলে দিচ্ছে এআই। আমরা বিশ্বাস করি, সংবাদমাধ্যমের ওপর মানুষের আস্থা থাকতে হবে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে। এ বিশ্বাসের জায়গা থেকেই আমরা দায়িত্বশীল ও মানবকেন্দ্রিক এআই প্রযুক্তি উন্নয়নে কাজ করছি।’’
অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন বলেন, ‘‘এসব প্রযুক্তি সাংবাদিকদের কাজের গতি বাড়াতে, সৃজনশীলতা উন্নত করতে এবং কনটেন্টের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সহায়ক। পাশাপাশি ভবিষ্যতের এআই সক্ষমতা নিয়েও তিনি ধারণা দেন।’’
কর্মশালায় অংশগ্রহণকারীরা অনারের সদ্য উন্মোচিত অনার ম্যাজিক এইট প্রো স্মার্টফোনটি ব্যবহার করার সুযোগ পান। এতে থাকা ২০০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা, প্রোঅ্যাকটিভ ইয়োইয়ো এআই অ্যাসিস্ট্যান্ট এবং অন-ডিভাইস এআই সিকিউরিটি ফিচার সম্পর্কে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। এ আয়োজনের মাধ্যমে দায়িত্বশীলভাবে এআই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নৈতিকতা, বিশ্বাস এবং মিডিয়া কমিউনিটির প্রতি অনারের দীর্ঘমেয়াদি অঙ্গীকার তুলে ধরা হয়।





