উদ্যোগ

ইউআইটিএস-এ বিসিসি’র আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ক.বি.ডেস্ক: আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি) ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এ বিশেষায়িত ‘আইপিএ এফই (আইটিইই) ট্রেনিং’ প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছে। ইউআইটিএস-এর নির্বাচিত ৪০ জন শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

এই বিশেষায়িত কোর্সটি প্রশিক্ষণ মূলত জাপানের ইনফরমেশন টেকনোলজি প্রমোশন এজেন্সি (আইপিএ)-এর অধীনে পরিচালিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটিইই, লেভেল-২: এফই (ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং) পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে পরিচালিত হবে। এই সনদ অর্জনের মাধ্যমে আইসিটি খাতে বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ ও পেশাগত মান বৃদ্ধি পাবে।

সম্প্রতি ইউআইটিএস-এর কনফারেন্স রুমে ‘আইপিএ এফই (আইটিইই) ট্রেনিং’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিসিসি’র পরিচালক (বিডি-আইটিইসি) ইঞ্জিনিয়ার মো. গোলাম সারোয়ার। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রাশিদুল হাসান, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান, আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আল-ইমতিয়াজ এবং টিওটি ট্রেইনার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আন্নাজিয়াত আলিম রাসেল।

উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া বলেন, ‘‘বিশ্বমানের আইসিটি পেশাজীবী হিসেবে গড়ে ওঠতে আন্তর্জাতিক সার্টিফিকেশনের গুরুত্বের ওপর জোর দিতে হবে। শিক্ষার্থীদের একাডেমিক শ্রেষ্ঠত্ব, শিল্প-প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় এবং আন্তর্জাতিক মানের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইউআইটিএস সবসময় অঙ্গীকারবদ্ধ।’’

ইঞ্জিনিয়ার মো. গোলাম সারোয়ার বলেন, ‘‘শিক্ষার্থীদের এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানাই। এই উদ্যোগটি বাংলাদেশের আইসিটি খাতের অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদানের আরেকটি বড় পদক্ষেপ।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *