উদ্যোগ

১১-১২ জুলাই ডিআইইউ’তে শুরু হচ্ছে ‘এআই হ্যাকাথন ২০২৬’

ক.বি.ডেস্ক: দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে উৎসাহিত করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী (১১-১২ জুলাই) ‘এআই হ্যাকাথন ২০২৬’। এই আয়োজনটি ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে কেন্দ্র করে ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্স-এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে ডিআইইউ।

আজ বুধবার (১৫ এপ্রিল) সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে অবস্থিত ডিআইইউ’তে ‘এআই হ্যাকাথন ২০২৬’ প্রসঙ্গে বিস্তারিত তথ্য তুলে ধরার লক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের প্রেসিডেন্ট উজ্জ্বল রায়, ডিআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআইইউ’র রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফখরে হোসেন, কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নূরী, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. ইমরান মাহমুদ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. ইঞ্জিনিয়ার মো. তাসলিম আরেফিন এবং কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রধান মো. সারওয়ার হোসাইন মোল্লা।

এআই হ্যাকাথন ২০২৬
এই হ্যাকাথনের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও অ্যালামনাইদের একত্রিত করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে বাস্তব সমস্যার উদ্ভাবনী সমাধান তৈরি করা। প্রতিযোগিতাটি একটি ৪৮ ঘণ্টার ইনটেনসিভ হ্যাকাথন, যেখানে নির্বাচিত দলগুলো তাদের এআই প্রজেক্ট তৈরি ও উপস্থাপন করবে।

ডিআইইউ’র শিক্ষার্থী ও অ্যালামনাইরা এতে অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি দলে থাকতে হবে- ৩ জন শিক্ষার্থী, ১ জন মেন্টর (একাডেমিক বা ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞ)। প্রতিযোগিতাটি ৩টি ট্র্যাকে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের অনলাইনে নিবন্ধন করে একটি কনসেপ্ট নোট জমা দিতে হবে। বিশেষজ্ঞ বিচারকমণ্ডলী প্রস্তাবনা মূল্যায়ন করে নির্বাচিত দলগুলোকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবে।

হ্যাকাথনে মোট ২ লক্ষ টাকার পুরস্কার দেয়া হবে। এ ছাড়া বিজয়ী দলগুলো ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের মাধ্যমে তাদের প্রজেক্টকে স্টার্টআপে রূপান্তরের জন্য ফান্ডিং, মেন্টরশিপ ও ইনকিউবেশন সুবিধা লাভের সুযোগ পাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *