সুবিধাবঞ্চিতদের মাঝে রবির ইফতার বিতরণ
ক.বি.ডেস্ক: পবিত্র মাহে রমজান মাসে ‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ নামে ক্যাম্পেইনের আওতায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে দেশের মোবাইল ফোন অপারেটর রবি। এই উদ্যোগের মাধ্যমে রমজান উপলক্ষ্যে প্রচলিত হৃদয়ছোঁয়া বিজ্ঞাপন-নির্ভর প্রচারণা থেকে সরে এসে বাস্তবভিত্তিক সামাজিক কার্যক্রম হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি রাজধানীর কমলাপুর ও সদরঘাট এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় রবির চিফ পিপল অফিসার শোয়েব বেগ সহ কোম্পানিটির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
‘ভালো কাজের হোটেল’র সঙ্গে হাত মিলিয়ে এই ইফতার কার্যক্রম পরিচালনা করে রবি; যা ভালো কাজের বিনিময়ে অসহায় মানুষদের খাবার সরবরাহের জন্য পরিচিত একটি উদ্যোগ। এই সহযোগিতার ফলে বিদ্যমান মানবিক উদ্যোগটি আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়িত হচ্ছে। ‘ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছেপূরণ’ ক্যাম্পেইনের মূল দর্শন হচ্ছে- একটি ছোট উদ্যোগ অনেককে অনুপ্রাণিত এবং একটি ছোট কাজই সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি করতে সক্ষম।





