উদ্যোগ

সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ দিয়ে শুরু ফিনিক্স সামিট ২০২৬

ক.বি.ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে কারিগরি কর্মশালা সিরিজের মধ্য দিয়ে শুরু হলো ‘ফিনিক্স সামিট ২০২৬’। মূলত জাতীয় সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদার করতে পাঁচ দিনব্যাপী (২৩-২৭ জুন) এই বিশেষায়িত সেশনগুলোর আয়োজন করা হয়েছে। দেশের সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম ‘দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি)’, পাওয়ার্ড বাই ব্র্যাক ব্যাংক এই অনুষ্ঠানের আয়োজন করছে।

‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সামিটে সরকারি নীতিনির্ধারক, ইন্ডাস্ট্রি লিডার, একাডেমিক প্রতিষ্ঠান, সাইবার নিরাপত্তা পেশাজীবী, গবেষক, শিক্ষার্থী, প্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক প্রতিনিধিরা একত্রিত হচ্ছেন। সামিটের মূল কনফারেন্স আগামী ২৬ ও ২৭ জুন অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী (২৩-২৫ জুন) কর্মশালায় ব্যবহারিক দক্ষতা উন্নয়ন ও জ্ঞান বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এসব সেশনে অংশগ্রহণকারীরা বাস্তব-উপযোগী সাইবার প্রতিরক্ষা সম্পর্কে জানার সুযোগ পাবেন।

প্রাথমিক পর্যায়ে এই সামিটের অন্যতম মূল আকর্ষণ হলো ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) সহযোগিতায় আয়োজিত বিশেষ কর্মশালা ‘প্র্যাক্টিক্যাল সাইবার ইনভেস্টিগেশন’। অস্ট্রেলিয়ার এপনিকের সিনিয়র ইন্টারনেট সিকিউরিটি স্পেশালিস্ট আদলি ওয়াহিদ এই সেশনটি পরিচালনা করবেন। এই সেশনে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার (সিআইআই) সংস্থাগুলোর আমন্ত্রিত প্রতিনিধিরাই অংশ নেয়ার সুযোগ পাবেন।

এ প্রসঙ্গে দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার এ এস এম শামীম রেজা বলেন, “সাইবার সিকিউরিটি বর্তমানে একটি জাতীয় অগ্রাধিকার; যা আমাদের জাতীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত। বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্যে ফিনিক্স সামিট ২০২৬ একটি যৌথ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।”

কর্মশালা শেষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) দুই দিনব্যাপী (২৬-২৭ জুন) কনফারেন্সে সামিটের পরবর্তী আয়োজন করা হবে। অংশগ্রহণকারীরা সাইবার প্রতিরক্ষা, অফেনসিভ সিকিউরিটি ও উদীয়মান প্রযুক্তির ট্রেন্ড নিয়ে হাতেকলমে প্রশিক্ষণ, টিম এক্সারসাইজ, ফেলোশিপ প্রোগ্রাম, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা ও টেকনোলজি এক্সিবিশন সম্পর্কে অভিজ্ঞতা গ্রহণের সুযোগ পাবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *