শাওমি নিয়ে এলো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২
ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড শাওমি দেশের বাজারে রেডমি প্যাড ২ উন্মোচন করেছে। ডিভাইসটি স্মুথ ভিউইং, সহজ বহনযোগ্যতা ও প্রতিদিনের নির্ভরযোগ্য কর্মদক্ষতা নিশ্চিত করবে। শিক্ষার্থী, ইয়াং প্রোফেশনালস, গেমার, কন্টেন্ট স্ট্রিমার ও বিনোদন পছন্দ করেন এমন ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচার সহ ট্যাবলেটটি নিয়ে আসা হয়েছে।
হাতে ধরার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যদায়ক এই রেডমি প্যাড ২ ৯.৭ ইঞ্চি ডিভাইসটিতে ২কে ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লের পাশাপাশি, ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট রয়েছে। যা পড়াশোনা, স্ট্রিমিং ও ব্রাউজিংয়ের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে। ট্যাবলেটটিতে ৬০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যা দিনের আলোতেও স্পষ্ট ভিজ্যুয়াল নিশ্চিত করবে। এছাড়াও, দীর্ঘসময় ধরে চোখের জন্য স্বস্তিদায়ক ব্যবহার নিশ্চিত করতে ডিভাইসটিতে টিইউভি রেইনল্যান্ড-সার্টিফাইড আই কমফোর্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
রেডমি প্যাড ২-এ রয়েছে স্ন্যাপড্রাগন ৬এস ফোরজি জেন ২ প্রসেসর ও শাওমি হাইপারওএস ৩, যা ব্যবহারকারীদের জন্য মাল্টিটাস্কিং ও নিরবচ্ছিন্ন সফটওয়্যারের অভিজ্ঞতা নিশ্চিত করবে। ট্যাবলেটটির ইন্টারকানেক্টিভিটি ফিচার শাওমির অন্যান্য ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা আরও সাবলীল করবে।
বাইরে ব্যস্ত থাকেন এমন ব্যবহারকারীদের সারাদিন নিশ্চিন্ত রাখতে রেডমি প্যাড ২-এ ৭,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বড় ব্যাটারি হওয়ার পরও এটি মাত্র ৭.৪৪ মিলিমিটারের হালকা-পাতলা ও সহজে বহনযোগ্য।
গ্রাফাইট গ্রে ও সিলভার দুইটি রঙে নিয়ে আসা হয়েছে রেডমি প্যাড ২। ভিন্ন ভিন্ন কানেক্টিভিটির চাহিদা পূরণে ওয়াইফাই ও ওয়াইফাই + সেলুলার দুইটি ভার্সনেই ডিভাইসটি পাওয়া যাচ্ছে। রেডমি প্যাড ২ ৯.৭ ইঞ্চি ফোরজির (৪ + ১২৮) মূল্য ২৪,৯৯৯ টাকা মাত্র ও রেডমি প্যাড ২ ৯.৭ ইঞ্চির (৪ + ১২৮) মূল্য ২১,৯৯৯ টাকা মাত্র। বিস্তারিত: www.mi.com/bd/





