লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ, ডেস্কটপ ও মনিটর উন্মোচন
ক.বি.ডেস্ক: গেমিং জগতে নতুনদের জন্য পণ্যের পরিধি বাড়িয়েছে লেনোভো। প্রতিষ্ঠানটি নতুন দুটি ল্যাপটপ, একটি গেমিং ডেস্কটপ এবং দুটি উচ্চগতির মনিটর উন্মোচন করেছে। নতুন পণ্যগুলো লেনোভোর এলওকিউ ও লিজিয়ন সিরিজের অধীনে বাজারে আসছে। গেমিংয়ের পাশাপাশি পড়াশোনা, কনটেন্ট তৈরি, অনলাইন সম্প্রচার ও দৈনন্দিন কাজের কথা মাথায় রেখেই এগুলো তৈরি করা হয়েছে।
নতুন পণ্যগুলোর মধ্যে রয়েছে এলওকিউ এসেনশিয়াল ১৫আইপিএইচ১১, এলওকিউ এসেনশিয়াল ১৫আইআরএইচ১১, এলওকিউ টাওয়ার ১৭আইআরএইচ১১, লিজিয়ন ২৭কিউ-২০ এবং লিজিয়ন ২৭ইউ-২০।
নতুনদের জন্য এলওকিউ এসেনশিয়াল
এলওকিউ এসেনশিয়াল ১৫আইপিএইচ১১ মডেলটিতে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা সিরিজ ৩ প্রসেসর এবং সমন্বিত ইন্টেল আর্ক গ্রাফিকস। এতে একই মেমোরি থেকে প্রসেসর ও গ্রাফিকস প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সম্পদ ব্যবহার করতে পারে। ফলে আলাদা গ্রাফিকস মেমোরির ওপর নির্ভরতা কমে। গেমিংয়ের পাশাপাশি ভিডিও দেখা, সরাসরি সম্প্রচার ও সৃজনশীল কাজেও এটি ব্যবহার করা যাবে। গ্রাফিকস ব্যবস্থায় হার্ডওয়্যারভিত্তিক রে ট্রেসিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিত্র উন্নয়ন প্রযুক্তি রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার স্থানীয় কাজের জন্য আলাদা নিউরাল প্রসেসিং ইউনিটও রয়েছে।
১৫ দশমিক ৩ ইঞ্চির পর্দায় ১৬:১০ অনুপাত, সর্বোচ্চ ১৬৫ হার্টজ হালনাগাদ হার এবং শতভাগ এসআরজিবি রঙের পরিসর পাওয়া যাবে। আগের প্রজন্মের তুলনায় নতুন মডেলটি ১০ শতাংশ পাতলা ও হালকা। ব্যাটারি থেকে সর্বোচ্চ ২১ ঘণ্টা ব্যবহারের দাবি করেছে লেনোভো। থান্ডারবোল্ট ৪ সমর্থনের মাধ্যমে ৬৫ থেকে ১০০ ওয়াট ইউএসবি টাইপ-সি চার্জিং করা যাবে। পাশাপাশি ভবিষ্যতে মেমোরি ও সংরক্ষণক্ষমতা বাড়ানোর সুযোগও রয়েছে।
এলওকিউ এসেনশিয়াল ১৫আইআরএইচ১১ মডেলে থাকছে ইন্টেল কোর সিরিজ ২০০ প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ ল্যাপটপ গ্রাফিকস। ফলে যারা আলাদা গ্রাফিকসসহ তুলনামূলক সাশ্রয়ী গেমিং ল্যাপটপ চান, তাদের জন্য এটি তৈরি করা হয়েছে। এতে একই ১৫ দশমিক ৩ ইঞ্চির ১৬৫ হার্টজ পর্দা ও শতভাগ এসআরজিবি রঙের পরিসর রয়েছে।
এলওকিউ টাওয়ারে আরটিএক্স ৫০৬০ টিআই
ডেস্কটপ গেমারদের জন্য এলওকিউ টাওয়ার ১৭আইআরএইচ১১ মডেলে ইন্টেল কোর সিরিজ ২০০ প্রসেসরের সঙ্গে সর্বোচ্চ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৬০ টিআই গ্রাফিকস দেয়া হয়েছে। এতে সর্বোচ্চ ৩২ জিবি ডিডিআর৫ মেমোরি এবং ৫৬০০ এমটি/সেকেন্ড গতির মেমোরি ব্যবহার করা হয়েছে।
উচ্চমানের গেম খেলা, সরাসরি সম্প্রচার ও একসঙ্গে একাধিক কাজের জন্য ডেস্কটপটি তৈরি করা হয়েছে। ভবিষ্যতে যন্ত্রাংশ পরিবর্তন ও উন্নত করার সুবিধার জন্য সহজে খোলার ব্যবস্থা রাখা হয়েছে। এতে পিসিআইই চতুর্থ প্রজন্মের এসএসডি, অতিরিক্ত সংরক্ষণক্ষমতা বাড়ানোর সুযোগ এবং ওয়াই-ফাই ৭ রয়েছে।
৩২০ হার্টজের লিজিয়ন মনিটর
গেমারদের জন্য নতুন দুটি ২৭ ইঞ্চির মনিটরও এনেছে লেনোভো। লিজিয়ন ২৭কিউ-২০ মডেলে রয়েছে ২৫৬০ × ১৪৪০ পিক্সেল রেজ্যুলেশনের পর্দা এবং ৩২০ হার্টজ হালনাগাদ হার। এর সাড়া দেয়ার সময় ১ মিলিসেকেন্ড। এতে এএমডি ফ্রিসিঙ্ক প্রিমিয়াম ও এনভিডিয়া জি-সিঙ্ক সামঞ্জস্য রয়েছে। অন্যদিকে লিজিয়ন ২৭ইউ-২০ মডেলে দ্বৈত প্রদর্শন ব্যবস্থা রয়েছে। এতে ৩৮৪০ × ২১৬০ পিক্সেল রেজল্যুশনে ১৮০ হার্টজ অথবা পূর্ণ এইচডি রেজ্যুলেশন ৩৬০ হার্টজ হালনাগাদ হার বেছে নেয়া যাবে।
দুটি মনিটরেই ৯৯ শতাংশ এসআরজিবি ও ৯৫ শতাংশ ডিসিআই-পি৩ রঙের পরিসর, কারখানায় নির্ভুল রঙ সমন্বয়, ডিসপ্লেএইচডিআর ৪০০ এবং ৪০০ নিট উজ্জ্বলতা রয়েছে। চোখের আরাম নিশ্চিত করতে কম নীল আলো প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।
লেনোভোর এই নতুন গেমিং পণ্যগুলো এমন ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে, যারা গেমিংয়ের পাশাপাশি পড়াশোনা, সৃজনশীল কাজ ও দৈনন্দিন ব্যবহারের জন্য একই যন্ত্রে প্রয়োজনীয় কর্মক্ষমতা চান। এলওকিউ সিরিজ নতুন গেমারদের জন্য তুলনামূলক সহজলভ্য বিকল্প হিসেবে এবং লিজিয়ন সিরিজ অভিজ্ঞ ও প্রতিযোগিতামূলক গেমারদের জন্য উন্নত কর্মক্ষমতার সমাধান হিসেবে অবস্থান করছে।





