উদ্যোগ

রাজশাহী বিভাগে স্থাপিত হলো আইএসপিএবি নিক্স পপ

ক.বি.ডেস্ক: বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনেট এক্সচেঞ্জ ট্রাস্ট ও ইন্টারনেট সোসাইটির যৌথ সহযোগীতায় দেশজুড়ে দ্বিগুণ গতির নিরবিচ্ছন্ন ও সুরক্ষিত এবং প্রান্তিক জনগোষ্ঠিকে স্বল্প মূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে রাজশাহী বিভাগে স্থাপিত হয়েছে আইএসপিএবি-নিক্স এর আঞ্চলিক পপ। এই নিক্স স্থাপনের ফলে ইন্টারনেট ব্যবসায়ীদের আন্ত:সংযোগের সক্ষমতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগণের মধ্যে বিশ্বস্ত ইন্টারনেট সেবা নিশ্চিত হবে।

রাজশাহী বিভাগের ৮টি জেলার আইএসপি প্রতিষ্ঠান ছাড়াও, এনটিটিএন, আইআইজি, সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান এই সুবিধা ভোগ করতে পারবে। এখন থেকে আইএসপি প্রতিষ্ঠানগুলো আঞ্চলিক এই পপ এর সঙ্গে সংযুক্ত হয়ে দ্রুত গতির নিরবচ্ছিন্ন, সুরক্ষিত ও স্বল্প মূল্যের ইন্টারনেট সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবে।

আইএসপিএবি নিক্স বাংলাদেশে উন্নত ইন্টারনেট সেবা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করছে। এর মাধ্যমে সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে সামগ্রিক ইন্টারনেট কর্মক্ষমতা বাড়তে পারে। ইতোপৃর্বে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ বিভাগে আইএসপিএবি নিক্স পপ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয়ভাবে অভ্যন্তরীণ ইন্টারনেট ব্যান্ডউইডথ বিনিময় করে, আইএসপিগুলো ব্যয়বহুল আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সংযোগের ওপর তাদের নির্ভরতা কমাতে পারছে।

এই নিক্স পপ এ ক্যাশ সার্ভিস স্থাপনের মাধ্যমে সাধারণ জনগণের কাছে স্বল্প মূল্যে অধিক পরিমাণ ব্যান্ডউইডথ সরবরাহ করার পরিকল্পনা নেয়া হয়েছে। উন্নত ইন্টারনেট পারফরম্যান্সের সঙ্গে এটি ই-কমার্স, মিডিয়া, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মতো সেক্টরে উদ্ভাবন, উদ্যোক্তা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উদ্দীপিত করবে। সর্বোপরি এটি প্রান্তিক জনগণের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *